মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছে। ন্যাটোর সব রাষ্ট্র এই প্রতিরক্ষাব্যবস্থার আওতায় আসবে। পর্তুগালের রাজধানী লিসবনে ন্যাটোর দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশনের পর গত শুক্রবার তিনি এ কথা বলেন। এদিকে ন্যাটোর প্রধান অ্যান্ডেস ফগ রাসমুসেন সম্মেলনে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার নিয়ে ন্যাটোকে সহযোগিতা করতে রাজি হয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এই প্রথমবারের মতো আমরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছি। যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত ইউরোপীয় বিভিন্ন দেশ এই প্রতিরক্ষাব্যবস্থার আওতায় আসবে।’ এই প্রতিরক্ষাব্যবস্থায় ন্যাটোর দেশগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী প্রযুক্তি স্থাপন করবে। এতে ন্যাটোভুক্ত দেশগুলোকে লক্ষ্য করে ছুড়ে মারা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করা সম্ভব হবে। রাশিয়া প্রসঙ্গে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘জোটের সব দেশের পক্ষ থেকে রাশিয়ার প্রতি আমাদের প্রস্তাব থাকবে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় নিয়ে রাশিয়ার সঙ্গে আমরা একযোগে কাজ করতে চাই।’সম্মেলনে অ্যান্ডেস ফগ রাসমুসেন বলেন, এই প্রথমবারের মতো ন্যাটো ও রাশিয়া নিজেদের রক্ষায় পরস্পরকে সহযোগিতা করতে রাজি হয়েছে। দুই বছর আগে রাশিয়া-জর্জিয়া যুদ্ধের পর এই প্রথম ন্যাটো সম্মেলনে যোগ দিয়েছে রাশিয়া।রাসমুসেন জানান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় সহযোগিতার জন্য তিনি রাশিয়াকে প্রস্তাব দেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ প্রস্তাবটি গ্রহণ করায় তিনি খুশি হয়েছেন। রাশিয়ার এই সম্মতি রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে জানান রাসমুসেন।প্রেসিডেন্ট ওবামা রাশিয়ার সঙ্গে স্টার্ট চুক্তি স্বাক্ষরে তাঁর ইউরোপীয় মিত্র দেশগুলোর সমর্থন পেয়েছেন। গত এপ্রিলে দেশ দুটি ওই চুক্তি স্বাক্ষর করে। চুক্তির আওতায় দুই দেশের পরমাণু অস্ত্র কমিয়ে আনার কথা। স্টার্ট চুক্তি প্রসঙ্গে ওবামা বলেন, এই চুক্তি ন্যাটো জোটকে আরও শক্তিশালী করবে। এতে ইউরোপের নিরাপত্তা বৃদ্ধি পাবে। এ প্রসঙ্গে ন্যাটোর মহাসচিব রাসমুসেন বলেন, স্টার্ট চুক্তি বাস্তবায়ন দেরি হলে তা ইউরোপের নিরাপত্তা-ঝুঁকি বাড়িয়ে দেবে।ন্যাটোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আইভো ডালডার বলেন, প্রতিরক্ষাব্যবস্থার বিষয়টি নিয়ে রাশিয়ার সঙ্গে ন্যাটোর সম্পর্ক এখন যতটা না দ্বন্দ্বের, তার চেয়ে বেশি সহযোগিতামূলক।ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিষয়ে রাশিয়ার সঙ্গে সহযোগিতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ বলেছিলেন, দেশটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিষয়টি বিবেচনা করছে।গতকাল সম্মেলনে আফগান যুদ্ধ ও ২০১৪ সালের মধ্যে অভিযান শেষ করার বিষয়েও আলোচনা হয়। এএফপি ও বিবিসি।