ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সাফল্যের দাবি পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের (সিপিইসি) নিরাপত্তা বজায় রাখায় বিশেষ সাফল্য পেয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। খ্রিষ্টীয় নববর্ষের প্রাক্কালে গত শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে এক বার্তায় দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক এ কথা বলেন।
আইএসপিআরের মহাপরিচালকের বার্তায় জানানো হয়, পাকিস্তানে এ বছর পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে নিক্ষেপযোগ্য রা’আদ উল্লেখযোগ্য। সীমান্তের প্রত্যন্ত এলাকায় জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ্য করে পরিচালিত অভিযান ‘জারব-ই-আজব’-এ সহায়তা দিতে বিমানবাহিনী ওই সব ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে।
বার্তায় আরও জানানো হয়, পাকিস্তান নৌবাহিনী জাহাজবিধ্বংসী ‘জারব’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং পিএনএস আসলাত জাহাজ থেকে উত্তর আরব সাগরে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সিপিইসি করিডরের নিরাপত্তার জন্য এসব পরীক্ষা চালানো হয়েছে। বার্তায় আরও বলা হয়, এই করিডরের ৮৭০ কিলোমিটার সড়কসহ পুরো ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বিভাগ ও টাস্কফোর্স-৮৮ গঠন করা হয়েছে।
আইএসপিআরের দেওয়া তথ্যে দাবি করা হয়েছে, পাকিস্তান উপকূলের কাছে নৌবাহিনী সতর্ক প্রহরা নিশ্চিত করতে পেরেছে এবং দেশটির জলসীমায় ভারতীয় একটি ডুবোজাহাজের প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এর সঙ্গে বিমানবাহিনীও যথেষ্ট উন্নতি করতে সমর্থ হয়েছে।