রাশিয়া বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র-ব্যবস্থা বিষয়ে সিরিয়ার সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে। তবে তাঁদের এখনো আলোচিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এস-৩০০ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়নি। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স গতকাল বুধবার দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে, গতকাল গুরুত্বপূর্ণ কুশায়ের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। তবে বিদ্রোহীরা বলছে, তারাই যোদ্ধাদের প্রত্যাহার করে নিয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে ওই শহরে ব্যাপক লড়াই চলছিল।
দীর্ঘদিনের মিত্র রাশিয়ার সঙ্গে চুক্তির আওতায় সিরিয়া দেশটির কাছ থেকে অস্ত্র পাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দাবি করেন, রাশিয়ার কাছ থেকে তিনি ইতিমধ্যে শক্তিশালী অত্যাধুনিক এস-৩০০ ক্ষেপণাস্ত্র পেয়েছেন। তবে গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সিরিয়ায় এখনো এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়নি। এরপর গতকাল ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা বিষয়ে সিরিয়ার সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া।
সামরিক সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া ১৯টি দেশের ২৫০ সামরিক কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে। এর মধ্যে সিরিয়ার সামরিক কর্মকর্তারাও আছেন। আর তাঁদের বেশির ভাগই রাশিয়ায় এসেছেন ২০১১ সালে সিরিয়ায় সহিংসতা শুরুর আগেই। তা ছাড়া এই প্রশিক্ষণার্থীদের এখনো এস-৩০০ ক্ষেপণাস্ত্র বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়নি।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল বলা হয়, সেনাবাহিনী কুশায়ের শহরে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। বিদ্রোহীদের অনেকে নিহত হয়েছে। অনেক বিদ্রোহী সেনা সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী এখন শহরের বিভিন্ন স্থানে দেওয়া ব্যারিকেডগুলো ধ্বংস করছে এবং বিদ্রোহীদের মজুত রাখা বিস্ফোরকের খোঁজ করছে।
লেবাননের কট্টরপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আল-মানার টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, কুশায়ের শহরে বিদ্রোহী বাহিনীর ‘ভয়াবহ পতন’ ঘটেছে। হিজবুল্লাহ কুশায়ের শহরে সিরিয়ার সরকারি বাহিনীর পক্ষে যুদ্ধ করছে।
বিদ্রোহীদের পক্ষ থেকে কুশায়ের শহরের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি স্বীকার করা হয়েছে। তারা বলছে, সরকারি বাহিনীর ব্যাপক হামলার মুখে কুশায়ের শহর থেকে বিদ্রোহী যোদ্ধাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস কুশায়েরের এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি বলছে, এই হামলায় অন্তত এক হাজার ২০০ মানুষ আহত হয়েছে।
এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফ্যাবিয়াস দাবি করেছেন, প্যারিসে গবেষণাগারে পরীক্ষা করে এটা নিশ্চিত হওয়া গেছে যে সিরিয়ায় সারিন গ্যাস ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, যেই এটা ব্যবহার করে থাকুক না কেন, তাকে শাস্তি পেতে হবে।
এদিকে ফরাসি সরকারের একজন মুখপাত্র গতকালবলেন, তাঁরা একতরফাভাবে সিরিয়ায় হামলা করবেন না।
এর আগে যুক্তরাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়, নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তারাও নিশ্চিত যে সিরিয়ায় সারিন ব্যবহার করা হয়েছে। তবে এ অভিযোগের ব্যাপারে যুক্তরাষ্ট্র বলেছে, এটা নিশ্চিত হতে আরও সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ প্রয়োজন। রয়টার্স, এএফপি, বিবিসি।