ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে গেলেন হাকিমুল্লাহ মেহসুদ
মার্কিন পাইলটবিহীন বিমানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে গেছেন পাকিস্তানি তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের যে এলাকায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত হয়, সে এলাকায় অবস্থান করছিলেন ওই জঙ্গি নেতা। কিন্তু হামলার কিছু সময় আগে তিনি ওই এলাকা ছেড়ে চলে যান। জঙ্গিদের একজন মুখপাত্র এ কথা জানান।কর্মকর্তারা জানান, উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় জঙ্গিদের একটি প্রশিক্ষণ শিবিরে গতকাল মার্কিন পাইলটবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এলাকাটি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শক্ত ঘাঁটি।টিটিপির মুখপাত্র আজম তারিক বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে বলেন, যে এলাকায় পাইলটবিহীন বিমান থেকে হামলা চালানো হয়, হাকিমুল্লাহ মেহসুদ ওই এলাকায় উপস্থিত ছিলেন। কিন্তু হামলার আগেই তিনি ওই জায়গা ছেড়ে চলে যান। তিনি জীবিত ও সুস্থ আছেন। তবে হাকিমুল্লাহ মেহসুদ ঠিক কখন ওই এলাকা ছেড়ে গেছেন, সে সম্পর্কে কিছু বলেননি মুখপাত্র।স্থানীয় একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, সকাল সাতটা থেকে আটটার মধ্যে পাসালকোট গ্রামে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। এদের মধ্যে বেশির ভাগই জঙ্গি।এ নিয়ে জানুয়ারি মাসে পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকায় মার্কিন পাইলটবিহীন বিমান থেকে সাতবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। এএফপি।