কড়া নিরাপত্তার মধ্যে মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ
মিয়ানমারে গতকাল রোববার কঠোর বিধিনিষেধ ও কড়া নজরদারির মধ্যে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে। গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, গণতন্ত্রের মুখোশ পরিয়ে স্বৈরশাসনকে বৈধ করার জন্যই সামরিক জান্তা প্রহসনের নির্বাচন করেছে। ভারত সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি কারারুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সবাই ধারণা করছে, জান্তা সরকারের পাতানো ছক অনুযায়ী তাদের মদদপুষ্ট দুটি প্রধান দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) এবং ন্যাশনাল ইউনিটি পার্টি (এনইউপি) দুই-তৃতীয়াংশ আসন পাবে। বাকি এক-তৃতীয়াংশ আসন ছোট দলগুলোর মধ্যে ভাগ হতে পারে। গত এপ্রিল মাসে সরকারের যেসব মন্ত্রী মন্ত্রিসভা এবং সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন, তাঁরা ইউএসডিপি নামের দলটি গঠন করেন। এ দলটিই সরকারের প্রতিনিধিত্ব করছে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের প্রয়াত সাবেক একনায়ক নে উইনের প্রতিষ্ঠিত দল এনইউপির সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা থাকলেও এ দলটিকে সরকার ইউএসডিপির মতো সরাসরি পৃষ্ঠপোষকতা দিচ্ছে না। পার্লামেন্টে ক্ষমতার ভারসাম্য ঠিক রাখতে সরকার এনইউপিকে অনুগত প্রধান বিরোধী দল হিসেবে রাখতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সরকার অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) বিলুপ্ত করার পর সু চির অনুসারীরা দি ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্স (এনডিএফ) নামে একটি দল গঠন করে। এনডিএফ এ নির্বাচনে অংশ নিলেও ধারণা করা হচ্ছে, অধিকাংশ আসনেই তারা হেরে যাবে। নির্বাচনের ফলাফল কবে নাগাদ ঘোষণা করা হবে সে বিষয়ে সরকার এখনো পরিষ্কার করে কিছু জানায়নি।এদিকে, নির্বাচন শুরু হওয়ার আগেই ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া যায়। দুটি বিরোধী দল অভিযোগ করেছে, ইউএসডিপি নির্বাচনের অনেক আগেই ব্যালট সংগ্রহ করে রেখেছে। এনডিএফের অভিযোগ, তাদের কাছে অনেক ভোটার অভিযোগ করেছেন, ইউএসডিপির নেতারা তাঁদের জানিয়েছেন ব্যালট তাঁরা আগেই হাতে পেয়েছেন। সুতরাং ভোটের প্রয়োজন তাঁদের নেই।এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন নামের একটি সামাজিক সংস্থা নিজেদের উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করেছে। ওই সংস্থার কর্মকর্তা সমশ্রী হান অনুন্তাসুক বলেছেন, জান্তা সরকার প্রতারণা ও অনিয়মের বহু প্রক্রিয়া আগেই ঠিক করে রেখেছে। সরকারের তৈরি সংবিধানে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, দ্বি-কক্ষবিশিষ্ট জাতীয় ও প্রাদেশিক পরিষদের এক-চতুর্থাংশ আসন সেনাবাহিনীর নিয়োগকৃত প্রতিনিধিদের জন্য সংরক্ষিত থাকবে।গতকাল সকাল থেকেই রাজধানী ইয়াঙ্গুনে ছিল থমথমে নীরবতা। দোকানপাটসহ ইন্টারনেট ক্যাফেগুলো ছিল বন্ধ। পূর্বঘোষণা অনুযায়ী জান্তা সরকার নির্বাচন পর্যবেক্ষণ ও খবর সংগ্রহের জন্য কোনো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিকে সে দেশে ঢুকতে দেয়নি। অনুমতি না নিয়ে থাইল্যান্ডের সীমান্ত দিয়ে মিয়ানমারে ঢোকায় এএফপির এক সাংবাদিককে আটক করা হয়েছে। এএফপি।