প্রচারণার মধ্যে দুই দফা সন্ত্রাসী হামলার পর গতকাল বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে। ভোট গণনা শেষে আজ শুক্রবার জানা যাবে প্রধানমন্ত্রী থেরেসা মে আবার ক্ষমতায় ফিরবেন, নাকি লেবার পার্টির নেতা জেরেমি করবিন হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী।
ভোটের দিন প্রকাশিত ইপসস মরির সর্বশেষ জরিপ বলছে, ক্ষমতাসীন থেরেসা মের কনজারভেটিভ পার্টি বিরোধী দল লেবারের চেয়ে প্রায় ৬ শতাংশ ব্যবধানে এগিয়ে আছে। কনজারভেটিভ পার্টি ৪০ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে পারে বলে আভাস দিয়েছে এই জরিপ।
অবশ্য গত বছর যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জরিপের ফল উল্টে যাওয়ার যে নজির তৈরি হয়েছে, সেই অভিজ্ঞতার কারণে এবার জরিপের ফলাফলে খুব বেশি আস্থা রাখছেন না কেউ। বরং প্রধানমন্ত্রী থেরেসা মে তাঁর প্রত্যাশিত বিজয় পাবেন কি না, সেদিকেই সবার দৃষ্টি। কারণ, নির্বাচনের কোনো প্রয়োজনীয়তা ছাড়াই থেরেসা মে ব্রেক্সিট বাস্তবায়নে নিজের ক্ষমতা আরও নিরঙ্কুশ করতে হুট করেই এই মধ্যবর্তী নির্বাচন দিয়েছেন।
মাত্র ১২ দিনের ব্যবধানে দুটি ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় চরম নিরাপত্তা উদ্বেগের মধ্যেই অনুষ্ঠিত হলো এই নির্বাচন। সর্বশেষ ৩ জুন লন্ডনে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত হয়। এর আগে গত ২২ মে ম্যানচেস্টারে হামলায় নিহত হয় ২৩ জন। দেশটির স্মরণকালের ইতিহাসে নির্বাচনের আগে আগে এমন ঘটনার নজির নেই।
রাজনৈতিক দলের নেতারা গতকাল সকাল সকাল নিজ নিজ নির্বাচনী আসনে ভোট দিয়ে ছুটে যান মাঠ পর্যবেক্ষণে। ৬০ বছর বয়সী থেরেসা মে ভোট দেন তাঁর নির্বাচনী এলাকা মেইডেনহেড আসনে। বিরোধী দল লেবার নেতা ৬৮ বছর বয়সী করবিন ভোট দিয়েছেন লন্ডনের ইজলিংটন নর্থ আসনে।
করবিন কনজারভেটিভ সরকারের কৃচ্ছ্রসাধন নীতির বিপরীতে বিনা মূল্যে শিক্ষা, চিকিৎসাসহ জনকল্যাণমূলক খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়ে তরুণদের মাঝে যে জোয়ার তুলেছেন, তার প্রতিফলন দেখা গেছে গতকালের ভোটে। বিশ্ববিদ্যালয়গুলোর ভোটকেন্দ্রে রীতিমতো লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তরুণেরা। এটি করবিনের জন্য আশা–জাগানিয়া।
স্থানীয় সময় গতকাল সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোটার ছিলেন প্রায় ৪ কোটি ৯ লাখ। ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমনসের মোট ৬৫০ আসনের বিপরীতে এবার মোট ৬৮টি দল ও ১৯১ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ৩০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ইংল্যান্ডে ৫৩৩, স্কটল্যান্ডে ৫৯, ওয়েলসে ৪০ এবং নর্দান আয়ারল্যান্ডে ১৮টি আসন রয়েছে। সব আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো দল এককভাবে ৩২৬টি আসন পেলেই মিলবে সংখ্যাগরিষ্ঠতা।
মাত্র দুই বছরের ব্যবধানে এটি যুক্তরাজ্যে তৃতীয় জাতীয় নির্বাচন। ২০১৫ সালে ডেভিড ক্যামেরনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি ৩৩০টি আসন পেয়ে এককভাবে ক্ষমতায় ফেরে। এরপর ২০১৬ সালের জুনে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না থাকা নিয়ে অনুষ্ঠিত হয় গণভোট। ওই গণভোটে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইইউতে থাকার পক্ষে ছিলেন। জনগণ বিচ্ছেদের পক্ষে রায় দিলে ক্যামেরন পরাজয় মেনে পদত্যাগ করেন। যার ফলে প্রধানমন্ত্রী হন থেরেসা মে। ওই গণভোটের রায় বাস্তবায়নে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে থেরেসা মে এই মধ্যবর্তী নির্বাচন দেন।
মে অথবা করবিন যিনিই নির্বাচিত হন, তাঁকে ব্রেক্সিট সমঝোতার কাজটি করতে হবে। নির্বাচনী প্রচারের শেষ ভাষণে প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট বাস্তবায়নকে সফল করার জন্য তাঁকে নির্বাচিত করার আহ্বান জানান। আর লেবার নেতা জেরেমি করবিন বলেন, কনজারভেটিভকে ভোট দেওয়ার মানে আরও পাঁচ বছরের কৃচ্ছ্রসাধন, আরও পাঁচ বছর সাধারণ মানুষের দুর্ভোগ। কল্যাণমূলক রাষ্ট্র গঠনে তিনি লেবার পার্টিকে বিজয়ী করার আহ্বান জানান।
থেরেসা মে প্রয়োজনে ইইউর একক বাজারের সুবিধা ছাড়ার ঘোষণা দিয়েছেন। আর করবিন বলেছেন, একক বাজারের সুবিধা রেখেই তিনি ব্রেক্সিট সমঝোতা করবেন। তৃতীয় বৃহত্তম দল লিবারেল ডেমোক্র্যাটস ব্রেক্সিট সমঝোতার ওপর গণভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।