ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভা আলোচনা নির্ধারিত তিন দিন শেষ হওয়ার পর গতকাল শনিবার চতুর্থ দিনে গড়িয়েছে। আলোচক ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল বলেন, ‘দুই পক্ষ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। তবে দুই থেকে তিনটি বিষয়ে মতানৈক্য রয়ে গেছে।’
জেনেভা আলোচনার শেষ পর্যায়ে যোগ দেবেন ছয় বিশ্বশক্তির পররাষ্ট্রমন্ত্রীরা। এঁরা হলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, জার্মানির গুইডো ভেস্টারভেলে, ফ্রান্সের লঁরা ফ্যাবিয়াস, চীনের ওয়াং য়ি ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। এর আগে ছয় দেশের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন।
ইরানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের নেতৃত্বে আলোচনায় অংশ নেওয়া উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস বলেছেন, ‘মতানৈক্য থাকা দু-তিনটি বিষয়ের দিকেই আমাদের দৃষ্টি দিতে হবে। কীভাবে এসব সমস্যার সমাধান সম্ভব, তা চিন্তা করতে হবে।’
এর আগে ইউরোপীয় একজন কূটনীতিক সাংবাদিকদের বলেন, ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তখনই জেনেভায় আসবেন, যখন ইরানের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছার প্রয়োজন হবে। তিনি বলেন, এরই মধ্যে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে।
জেনেভা আলোচনায় জন কেরির যোগ দেওয়া সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পিসাকি বলেন, দুই পক্ষের মধ্যে মতানৈক্যের বিষয়গুলো কমিয়ে আনার লক্ষ্য নিয়েই আলোচনায় যোগ দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পরে একই মন্ত্রণালয়ের উপ মুখপাত্র মেরি হার্ফ বলেন, ‘একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব’—এমন ‘অগ্রগতির আশার আলো’ দেখে পররাষ্ট্রমন্ত্রী জেনেভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফ্যাবিয়াস জেনেভায় পৌঁছে সাংবাদিকদের বলেন, ‘আশা করছি একটি সমঝোতায় পৌঁছাতে পারব। তবে দৃঢ় সমঝোতা হতে হবে। সেই লক্ষ্যে কাজ করতেই এসেছি।’ ফ্রান্সের কঠোর অবস্থানের কারণেই জেনেভায় গত দফা আলোচনায় চূড়ান্ত সমঝোতা হয়নি বলে মনে করা হয়।
সমঝোতার পথে এগিয়ে যেতে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ জেনেভায় পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফের সঙ্গে বৈঠক করেন। পরে এক বিবৃতিতে তিনি বলেন, ‘অনেক বছর পর এই প্রথমবার ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছার একটি ভালো সুযোগ তৈরি হয়েছে।’ লাভরভ ইইউয়ের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান অ্যাশটনের সঙ্গেও পৃথক বৈঠক করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেছেন, ‘সমঝোতার ক্ষেত্রে আমরা এখন শেষ মুহূর্তে রয়েছি।’ জার্মান পররাষ্ট্রমন্ত্রী ভেস্টারভেলে গতকাল বলেন, ‘এখনো সমঝোতা হয়নি। তবে সমঝোতার বাস্তবসম্মত সুযোগ তৈরি হয়েছে। তবে এ জন্য আরও অনেক কাজ করতে হবে।’
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম হেগের কণ্ঠে আশার সুর নেই। গতকাল হেগ বলেন, জেনেভা আলোচনায় দুই পক্ষের সমঝোতায় পৌঁছানো এখনো ‘কঠিন পর্যায়েই’ রয়ে গেছে। এএফপি, রয়টার্স ও আল-জাজিরা।