ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং জোর দাবি করেছেন, তাঁর সরকার কোটি কোটি টাকার কয়লাখনি কেলেঙ্কারির বিষয়ে কোনো কিছুই গোপন করেনি। সরকার কিছু লুকাচ্ছে, এমন ধারণা করাটা হবে ভুল।
ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশনে গতকাল মঙ্গলবার প্রধান বিরোধী দল বিজেপির সাংসদদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মনমোহন ওই কথা বলেন। খনি কেলেঙ্কারি-বিষয়ক বেশ কিছু নথি হারিয়ে যাওয়ার অভিযোগ নিয়ে বাগিবতণ্ডায় এদিন অধিবেশনে বিশৃঙ্খলা দেখা দেয়।
মনমোহন সিং বলেন, ‘আমি আশ্বস্ত করতে চাই, সরকার কিছুই গোপন করেনি। এক লাখ পৃষ্ঠারও বেশি নথি ইতিমধ্যে সিবিআইকে দেওয়া হয়েছে। এতে স্পষ্ট হয়, সিবিআইয়ের তদন্ত সহজতর করার সদিচ্ছা সরকারের রয়েছে।’
তবে বিজেপি নেতারা বলেন, খনি বরাদ্দে অনিয়মের ওপর প্রধানমন্ত্রী কোনো জবাব দেননি। এর অর্থ, তিনি অভিযোগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আইএএনএস ও হিন্দুস্তান টাইমস।