খনিশিল্পে দুর্নীতির নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কয়লাখনি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ এনে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগ দাবি করে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পার্লামেন্টে কয়েক দিন ধরে অচলাবস্থা সৃষ্টি করেছে। ভারতের খনিশিল্পে বিদ্যমান দুর্নীতির কারণ অনুসন্ধানে বিভিন্ন সময়ে উন্মোচিত হয়েছে নানা তথ্য। এর একটি হচ্ছে বিদেশি বিনিয়োগ নিয়ে অনিয়ম।দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে বিজেপির শীর্ষস্থানীয় নেতা বি এস ইয়েদুরাপ্পাকে কয়লা কেলেঙ্কারির জন্যই দলীয় পদ ছাড়তে হয়েছিল। তিনি প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের রাজস্ব কেলেঙ্কারিতে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে ইয়েদুরাপ্পা নিজেকে নির্দোষ দাবি করেছেন।কর্ণাটকের খনিশিল্পে বহু বছর ধরে চলমান দুর্নীতির বিষয়টি একেবারে অস্বীকার করা কঠিন। রাজ্যটিতে প্রতিবছর উৎপাদিত হয় প্রায় সাড়ে চার কোটি টন লোহার আকরিক। এর অর্ধেকের বেশি চীনে রপ্তানি করা হয়। পূর্ব ভারতের ওডিশা রাজ্যে এক হাজার ২০০ কোটি ডলারের একটি ইস্পাত উৎপাদন প্রকল্প স্থাপনের পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান পোসকো। এটি হবে ভারতে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ। তবে স্থানীয় কৃষকদের কাছ থেকে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ নিয়ে সম্প্রতি সমস্যা দেখা দিয়েছে। ওডিশার নিয়মগিরি এলাকা থেকে বক্সাইট উত্তোলনের জন্য বেদান্ত গ্রুপের প্রস্তাবিত একটি বিতর্কিত প্রকল্প কেন্দ্রীয় সরকার গত বছর বাতিল করেছে। প্রতিষ্ঠানটি ২৭০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। এতে ভারতের দরিদ্রতম একটি জেলায় বহু কর্মসংস্থানের সুযোগ হতো বলে দাবি করা হয়। তবে স্থানীয় আদিবাসীদের অভিযোগ, খনির কাজ চললে তাদের পবিত্র পাহাড় ও জীবিকার উৎস ধ্বংস হবে।ভারতে খনিজ সম্পদের বিপুল ও লাভজনক মজুদ রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। অভ্র উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে দেশটি। কয়লা ও ব্যারাইট উৎপাদনে দেশটির অবস্থান বিশ্বে যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয়। লোহার আকরিক, বক্সাইট ও ম্যাঙ্গানিজ উৎপাদনে দেশটি বিশ্বে যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও সপ্তম অবস্থানে রয়েছে। খনিজ সম্পদে সমৃদ্ধ বেশ কয়েকটি এলাকায় রয়েছে দরিদ্র আদিবাসী সম্প্রদায়ের আবাস ও মাওবাদী বিদ্রোহীদের আধিপত্য। ভারত একটি শক্তিশালী ও স্বাধীন নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াই দুই দশক ধরে বেসরকারি খাতের জন্য খনিশিল্প উন্মুক্ত করে দিয়েছে। কেন্দ্রীয় খনি মন্ত্রণালয়ের মতে, এতে মিশ্র ফলাফল হয়েছে। মন্ত্রণালয় বলছে, আইনের ফাঁক গলে এবং পুলিশের অপর্যাপ্ত প্রহরায় খনিশিল্পে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড বিস্তার লাভ করেছে। সরকারি এক প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের ব্যালেরি এলাকায় বেসরকারি মালিকানাধীন কয়েকটি প্রতিষ্ঠান খনিশিল্প নিয়ন্ত্রণ করে। স্থানীয় রাজনীতিকেরা এসব প্রতিষ্ঠান থেকে চাঁদা তোলেন। পাশাপাশি ওই খনি ব্যবসায়ীরাও রাজনীতিতে যোগ দিয়ে রাজ্য সরকারে অবস্থান করে নিচ্ছেন। ব্যবসায়ী থেকে রাজনীতিকে রূপান্তরিত এসব ব্যক্তি সরকারি কর্মকর্তাদের ওপর বেশ প্রভাব বিস্তার করেন। অনুসন্ধানে দেখা যায়, বেসরকারি খনিশিল্প প্রতিষ্ঠানগুলো থেকে সরকার নামমাত্র পরিমাণে রাজস্ব পায়। কিন্তু রাজনীতিক-ব্যবসায়ী চক্র বিপুল অঙ্কের মুনাফা অর্জন করে চলেছে।উদার অর্থনীতির নামে ভারতে প্রাকৃতিক সম্পদ অব্যাহতভাবে লুটপাট হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিবিসি।