খনিশ্রমিকদের আবাসিক এলাকায় দক্ষিণ আফ্রিকা পুলিশের অভিযান
দক্ষিণ আফ্রিকার মারিকানা প্লাটিনাম খনিশ্রমিকদের আবাসিক এলাকায় গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১২ শ্রমিককে গ্রেপ্তার করা হয়।স্থানীয় পুলিশ কর্মকর্তা থুলানি এনগুবানে জানান, মারিকানার আশপাশের এলাকায় প্রায় ৬০০ খনিশ্রমিক বসবাস করেন। গতকাল ভোররাতে সেখানে অভিযান চালান প্রায় ৫০০ পুলিশ কর্মকর্তা। এ সময় তল্লাশিতে পাঙ্গাস (দেশীয় দা) ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ১২ শ্রমিককে গ্রেপ্তারের বিষয়টি তিনি নিশ্চিত করেন।এদিকে শ্রমিকদের বিক্ষোভ দমনে আরও কঠোর হওয়ার হুমকি দিয়েছে সরকার। শ্রমিকেরা বেআইনিভাবে জনসমাবেশ করলে তা সহ্য করা হবে না বলে গত শুক্রবার মন্ত্রিসভায় জানানো হয়।গত আগস্ট মাসে মারিকানা প্লাটিনাম খনিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। এতে ৩৪ জন শ্রমিক নিহত হন। এরপর গত শুক্রবার মারিকানার মালিকপক্ষ দ্বন্দ্ব নিরসনের প্রস্তাব পাঠালে শ্রমিকেরা তা নাকচ করে দেন। বিবিসি ও এএফপি।