খনিসংকট নিরসনে উদ্যোগী সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল বিজয়ী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি দেশটির উত্তরাঞ্চলে একটি তামাখনির চলমান বিরোধের নিষ্পত্তি চান। এতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন সু চি।চীন পরিচালিত ওই তামাখনির কার্যক্রম বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার বিক্ষোভ-সমাবেশ হয়েছে। এতে পুলিশি হামলায় বৌদ্ধ ভিক্ষুসহ শতাধিক লোক আহত হয়েছে। এ ঘটনার জের ধরে সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অচলাবস্থা দূর করতে সু চি গতকাল শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে গিয়ে বিক্ষোভ দমনের সময় কর্তব্য পালনকারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এরপর পুলিশি নির্যাতনের শিকার বৌদ্ধ ভিক্ষু ও শ্রমিকদের দেখতে হাসপাতালে যান সু চি। ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলবেন তিনি। সব পক্ষের বক্তব্য শোনার পর সমস্যা সমাধানের চেষ্টা করবেন। ধারণা করা হচ্ছে, অচলাবস্থা দূর করার বিষয়টি মোটেও সহজ হবে না। কারণ, ইয়াঙ্গুনে অবস্থিত চীনের দূতাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন স্থান, ক্ষতিপূরণ ও পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।কিন্তু পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় ভিক্ষু, শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন ওই খনির কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে আসছে। সামাজিক ও পরিবেশগত বিপর্যয় খতিয়ে দেখতে খনি এলাকায় গবেষণার দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরা।এদিকে চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের আইন অনুযায়ী দুই পক্ষের মধ্যে ক্ষতিপূরণ, পরিবেশ রক্ষা ও লভ্যাংশ ভাগাভাগিসহ অন্যান্য বিষয়ে সমঝোতার ভিত্তিতে চুক্তি করা হয়েছে। এখন এ ধরনের দাবি মানা সম্ভব নয়। এএফপি।