খরা থেকে বাঁচতে পালাচ্ছে ওরা
‘খরায় বিরান চরাচর। দুর্গম পথ। আমরা হেঁটে চলেছি। শুধু পানি পান করে হেঁটেছি ২২ দিন। এভাবে অভুক্ত থেকেই ছেলের জন্ম দিয়েছি। এর পরও পেটে দানাপানি পড়েনি।’বিবিসির সাংবাদিকের কাছে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা পরিস্থিতির এই বর্ণনা দেন ওয়েহেলি ওসমান হাজি নামের সোমালীয় নারী। গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার শিকার প্রায় এক কোটি সোমালীয় মানুষের মধ্যে তিনি একজন।কয়েক সপ্তাহ ধরে দুর্গম পথ পাড়ি দিয়ে গত শুক্রবার কেনিয়া পৌঁছান ওয়েহেলি। সঙ্গে আরও পাঁচ সন্তান। তাঁদের গন্তব্য দাহাব শরণার্থী শিবির। সেখানে যেতে হলে পাড়ি দিতে হবে আরও ৮০ কিলোমিটার পথ।দীর্ঘদিন ধরে চলা সহিংসতা ও ভয়াবহ খরার কবলে পড়ে সোমালিয়ার কোটি মানুষের জীবন এখন অনিশ্চিত। জীবন বাঁচাতে এখন দেশ ছেড়ে যে যার মতো পালাচ্ছে। সরকারি সূত্রের দাবি, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অন্তত দেড় হাজার মানুষ রাজধানী মোগাদিসুতে ঢুকছে। পরিত্যক্ত বিভিন্ন সরকারি ভবনে আশ্রয় নিচ্ছে তারা। সেখানেও দুর্গতির সীমা নেই। প্রতিদিন অনাহারে মানুষ মরছে। একটি এলাকায় এক রাতে অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।রাজধানী ছাড়া দেশটির বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করছে ইসলামি জঙ্গি সংগঠন আল-শাহাব। রাজধানীমুখী আর্ত মানুষদের ঠেকাতে তারা মোগাদিসুর বাইরে শিবির স্থাপন করেছে। তারা সাধারণ মানুষকে সরকার-নিয়ন্ত্রিত এলাকা বা প্রতিবেশী দেশ কেনিয়া ও ইথিওপিয়ায় যেতে নিরুৎসাহিত করছে। এর পরও বাঁচার আশায় হাজার হাজার মানুষ পাড়ি দিচ্ছে সীমান্ত। বিবিসি।