সিরিয়ায় সহিংসতা ও রক্তপাতের নিন্দা জানিয়ে তৈরি খসড়া প্রস্তাবের বিষয়টি বিবেচনা করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। রাশিয়ার আপত্তির কারণে এই প্রস্তাবে পরিবর্তন আনা হয়েছে।এর পরও রাশিয়া হুমকি দিয়েছে, প্রস্তাবটি উত্থাপন করা হলে তারা ভেটো দেবে। গতকাল শুক্রবার প্রস্তাবটি উত্থাপন করার কথা।সংশোধিত খসড়া প্রস্তাবে সরাসরি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ বা সিরিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বা অবরোধের বিষয়টি নেই। কিন্তু সিরিয়ার গণতান্ত্রিক উত্তরণে আরব লিগের ঘোষিত পরিকল্পনাকে পুরোপুরি সমর্থন দেওয়া হয়েছে।কূটনীতিকেরা গত বৃহস্পতিবার জানান, নতুন খসড়াটি বিবেচনার জন্য তাঁদের সরকারের কাছে পাঠানো হবে। তবে খসড়াটি গৃহীত হবে কি না বা ভোটাভুটির জন্য নিরাপত্তা পরিষদে তোলা হবে কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত মার্কি লায়াল গ্রান্ট বলেন, ‘প্রত্যেকেই তাদের সরকারের সঙ্গে পরামর্শ করতে চাইছে। আমরা আশা করছি, যত শিগগির সম্ভব ভোটাভুটি হবে।’রাশিয়া বলেছে, প্রস্তাবটি শুক্রবার ভোটে তোলা হলে তারা ভেটো দেবে। কারণ, প্রস্তাবটির বিবেচনার জন্য তাদের এখনো সময় প্রয়োজন। নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে রাশিয়ার প্রতিনিধি ভিতালি চুরকিন এ ঘোষণা দিয়েছেন বলে কূটনীতিকেরা জানিয়েছেন।চুরকিন গত বৃহস্পতিবার জানান, খসড়া প্রস্তাবটি নিয়ে পরিষদের যে আলোচনা হয়েছে, তা ‘রোলার কোস্টারের মতো।’ তিনি বলেন, ‘আমরা খসড়ার একটি কপি পেয়েছি। বিষয়টি নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা প্রয়োজন।’সিরিয়া সংকট সমাধানের জন্য নিরাপত্তা পরিষদের প্রস্তাব উত্থাপনের আহ্বানটি ছিল মূলত আরব লিগের পক্ষ থেকে। তাদের প্রস্তাবিত পরিকল্পনার প্রধান শর্ত ছিল, একজন প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে প্রেসিডেন্ট পদত্যাগ করবেন। নিরাপত্তা পরিষদে উত্থাপনের জন্য প্রাথমিকভাবে যে খসড়া তৈরি করা হয়েছিল, সেখানে এ শর্তটি ছিল। কিন্তু এতে আপত্তি জানায় সিরিয়ার মিত্র রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে খসড়া থেকে বিষয়টি বাদ দেওয়া হয়েছে।সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের পতনের দাবিতে বিক্ষোভরত মানুষের ওপর কর্তৃপক্ষের কঠোর দমন-পীড়ন সত্ত্বেও দেশটিকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে রাশিয়া। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব মতে, গত বছরের মার্চে বিক্ষোভ শুরুর পর থেকে সিরিয়ায় এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।সরকারের দমন-পীড়ন সত্ত্বেও বিক্ষোভকারীরা গতকাল শুক্রবার ১৯৮২ সালে হামা শহরের গণহত্যার বার্ষিকী পালন করেছে। জুমার নামাজের পর কালো পোশাক পরে বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। প্রেসিডেন্ট বাশারের বাবার নির্দেশে ১৯৮২ সালে হামা শহরের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। এএফপি, বিবিসি।