খসড়া সংবিধানের পক্ষে বেশিভোট পড়ার দাবি
মিসরে গণভোটে খসড়া সংবিধানের পক্ষেই বেশি ভোট পড়েছে বলে দাবি করেছে ক্ষমতাসীন দল। বিরোধীরাও বিষয়টি স্বীকার করেছে। দ্বিতীয় দফা ভোটের পর গণভোটের ফল ঘোষণা করা হবে।গত শনিবার কায়রো, আলেকজান্দ্রিয়া ও আটটি প্রদেশে প্রথম দফার গণভোট অনুষ্ঠিত হয়। ছোটখাটো কিছু সহিংসতা ছাড়া প্রথম দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়। তবে ভোট শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে বিরোধী দলের কার্যালয়ে হামলা হয়েছে। আগামী শনিবার দ্বিতীয় দফা গণভোট হবে।মুসলিম ব্রাদারহুড-সমর্থিত ক্ষমতাসীন ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির জ্যেষ্ঠ একজন নেতা বলেন, গণভোটে খসড়া সংবিধানের পক্ষে ৫৬ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে। ৯৯ শতাংশ ভোটকেন্দ্র থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দলীয় পর্যবেক্ষণ থেকে তাঁরা এই তথ্য পেয়েছেন। সরকারবিরোধীদের জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের (এনএসএফ) একজন নেতাও স্বীকার করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়েছে। তবে গণভোট শেষ হওয়ার পরপর বিরোধীরা দাবি করেছিলেন, ‘না’ জয়ী হতে যাচ্ছে।এনএসএফ জোটে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাবেক প্রধান ও শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মোহাম্মদ এল বারাদি, আরব দেশগুলোর সংগঠন আরব লিগের সাবেক প্রধান আমর মুসা এবং বামপন্থী নেতা হামাদেন সাবাহি রয়েছেন।বিরোধীরা খসড়া সংবিধানকে ইসলামি ভাবাদর্শের কাছাকাছি বলে অভিযোগ তুলেছেন। এ সংবিধান অনুমোদিত হলে মিসর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র না হয়ে ইসলামি রাষ্ট্রে পরিণত হবে বলে অভিযোগ করেন তাঁরা। তাই প্রেসিডেন্ট মুরসি গণভোটের উদ্যোগ নিলে বিরোধীরা তা প্রত্যাখ্যান করেন। পরে অবশ্য গণভোটে ‘না’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানায় বিরোধী জোট।গণভোটে সংবিধান অনুমোদিত হলে আগামী বছরের শুরুতে মিসরে পার্লামেন্ট নির্বাচন হবে। ওই নির্বাচনে মুরসিবিরোধী বর্তমান জোট এনএসএফ জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারে।জোটবদ্ধ নির্বাচন করলেই ক্ষমতাসীন ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির বিরুদ্ধে বিরোধীরা ভালো করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। আর গণভোটে জনগণ খসড়া সংবিধান প্রত্যাখ্যান করলে সংবিধান প্রণয়নে আরও নয় মাস সময় পাওয়া যাবে। বিবিসি ও রয়টার্স।