ফিলিপাইনে প্রলয়ংকরী টাইফুনে বিপর্যস্ত, নিঃস্ব ও অভুক্ত লোকজন মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে ব্যক্তিমালিকানাধীন খাদ্য ও ওষুধের গুদামে লুটপাট চলছে। একটি সরকারি চালের গুদাম লুটের সময় দেয়াল ধসে আটজনের মৃত্যু হয়েছে।
ফিলিপাইনে স্মরণকালের সবচেয়ে প্রলয়ংকরী সামুদ্রিক ঝড় হাইয়ানের তাণ্ডবের পাঁচ দিন পরও গতকাল বুধবার প্রত্যন্ত এলাকার অসংখ্য মানুষ কোনো ত্রাণ পায়নি বলে অভিযোগ করেছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় লেইতি প্রদেশের তাকলোবান শহরের কাছের আলানগালাংয়ে গত মঙ্গলবার একটি সরকারি চালের গুদামে লুটপাট করে ক্ষুধার্ত লোকজন। এ সময় ধসে পড়া দেয়ালচাপায় আটজনের মৃত্যু হয়। সরকারি মুখপাত্র অরলান কালায়াগ বলেন, ‘শত শত মানুষ আমাদের চালের গুদামে হামলা চালায়। গুদাম থেকে ৩৩ হাজার বস্তা চাল লুট হয়েছে। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল।’
এ ছাড়া পালো শহরে খাদ্য, পানি ও ওষুধের দুটি গুদামেও লুটপাট চলে। পরে সেনাবাহিনী ফাঁকা গুলি ছুড়ে লুটপাটকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
তাকলোবান শহরের প্রশাসক তেকসন জন লিম বলেছেন, দুই লাখ ২০ হাজার বাসিন্দার এই শহরের ৯০ শতাংশ লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মাত্র ২০ শতাংশ ত্রাণ পাচ্ছে। তারা নিরুপায় হয়ে লুটপাট করছে।
এদিকে গতকাল গোলাগুলির কারণে তাকলোবান শহরে একটি স্থানে গণকবর খোঁড়া হলেও অনেকের শেষকৃত্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ইতিমধ্যেই পচে যাওয়া শত শত মরদেহের কারণে দুর্গত এলাকায় রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বেলজিয়াম, জাপান, ইসরায়েল ও নরওয়ের প্রতিনিধিরা ফিলিপাইনে অস্থায়ী হাসপাতাল স্থাপন করছে। আড়াই শর বেশি মার্কিন সেনা ইতিমধ্যে ফিলিপাইনে পৌঁছেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ত্রাণবাহী রণতরি পথে আছে। ফিলিপাইনে পাঠানোর জন্য জাপানের অন্তত এক হাজার সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। এএফপি ও রয়টার্স।