খাদ্যনিরাপত্তা বিল লোকসভায় উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তিন-চতুর্থাংশ দরিদ্র মানুষকে নামমাত্র দামে খাবার সরবরাহের আলোচিত খাদ্যনিরাপত্তা বিল গতকাল বুধবার লোকসভায় উত্থাপন করা হয়েছে। বিলটি রাজ্যগুলোর অধিকারের ওপর আঘাত হানতে পারে—এমন আশঙ্কা এবং বিরোধীদের সমালোচনা উপেক্ষা করে গতকাল এটি উত্থাপন করা হয়।

খাদ্যমন্ত্রী কেভি টমাস এ-সংক্রান্ত একটি নতুন বিল উত্থাপন করেন। তিনি এ বিষয়ে আগের বিল এবং গত ৫ জুলাই জারি করা অধ্যাদেশ প্রত্যাহার করেন।

জাতীয় খাদ্যনিরাপত্তা বিল, ২০১৩ অনুযায়ী, ভারতের ৮০ কোটি মানুষকে মাসে জনপ্রতি পাঁচ কেজি করে খাদ্যশস্য সরবরাহ করা হবে। এর দাম নেওয়া হবে কেজিতে মাত্র এক থেকে তিন রুপি।

খাদ্যমন্ত্রী কেভি টমাস বলেন, বিলটিতে রাজ্য অধিকারবিরোধী কিছু নেই। এটা রাজ্যের অধিকারকে আঘাত করবে না, বরং সংবিধানকে রক্ষা করবে। নতুন আইন নিয়ে আশঙ্কা প্রকাশ করা তামিলনাড়ুর দল এআইডিএমকে এবং ডিএমকের উদ্দেশে এ কথা বলেন তিনি।

এর আগে এআইডিএমকে সদস্য এম থামবিদুরাই বিল উত্থাপনের বিরোধিতা করে বলেন, ‘এই বিল সংবিধান এবং কেন্দ্রীয় সরকারব্যবস্থার বিরোধী। এটা খাদ্যনিরাপত্তা বিল নয়, খাদ্য অনিরাপত্তা বিল।’ পিটিআই।