খাদ্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ভারত
খাদ্যমূল্য বৃদ্ধি নিয়ে ভারত উদ্বিগ্ন। দেশের খুচরা বাজারে পেঁয়াজ এখন প্রতি কেজি ৫৫ থেকে ৬০ রুপিতে বিক্রি হচ্ছে। কৃষিমন্ত্রী শারদ পাওয়ার বলেছেন, শাকসবজির মূল্যের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। শারদ পাওয়ার বলেন, ‘শাকসবজির দাম ব্যাপক বেড়েছে এবং এর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।’ তবে তিনি জানান, দ্রব্যমূল্য শিগগিরই কমে আসবে। তিনি বলেন, গুজরাট, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে নতুন করে শাকসবজির সরবরাহ শুরু হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। দ্রব্যমূল্য, বিশেষত খাদ্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে—ঊর্ধ্বতন মন্ত্রীদের এ ধরনের মন্তব্য প্রকাশের পর কৃষিমন্ত্রী এসব কথা বললেন। শাকসবজি, দুধ, ডিম ও মাংসের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি ১৮ শতাংশ ছাড়িয়ে গেছে। নতুন ফসল ওঠার পরও পেঁয়াজের দাম কমছে না। এদিকে খাদ্যের উচ্চমূল্য মোকাবিলায় গতকাল মঙ্গলবার ঊর্ধ্বতন মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠক করার কথা। পিটিআই।