খাদ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নয়াদিল্লিতে লাখো মানুষের মিছিল
ভারতের রাজধানী নয়াদিল্লিতে খাদ্যমূল্য ও বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার সকাল থেকে তাঁরা দিল্লির রাস্তায় লাল পতাকা হাতে নিয়ে মিছিল করতে থাকেন। এ সময় রাজধানীতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। বিশৃঙ্খলা এড়াতে বিক্ষোভস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।আরব বিশ্বে শুরু হওয়া বিক্ষোভের সর্বশেষ আঁচ লাগল নয়াদিল্লিতে। ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্টদের একটি অংশও এতে অংশ নেয়। ভারতে খাদ্যমূল্যের লাগামহীন বৃদ্ধির ফলে দেশটির নিম্নবিত্ত মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। চাল, ডাল, গম, দুধ ও শাকসবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেছেন, খাদ্যমূল্য বৃদ্ধির বিষয়টি দুশ্চিন্তার কারণ।অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (এআইটিইউসি), সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ইউনিয়নসহ (সিআইটিইউ) ভারতের বড় বড় শ্রমিক সংগঠনগুলো এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে।ক্ষমতাসীন কংগ্রেস-সমর্থিত দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসও এ বিক্ষোভে সমর্থন দিয়েছে। তারা বলেছে, গরিবের কাছে সরকারের দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতেই তারা এ বিক্ষোভে সমর্থন দিয়েছে।শ্রমিক ইউনিয়নের নেতারা মিছিলে প্রায় এক লাখ মানুষ অংশ নেওয়ার কথা জানিয়েছেন। সিআইটিইউয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৯টি রাজ্য থেকে বহু নারীসহ হাজার হাজার মানুষ এসে বিক্ষোভে অংশ নিয়েছেন।ধারণা করা হচ্ছে, গত কয়েক বছরের মধ্যে ভারতে এটাই সবচেয়ে বড় সরকারবিরোধী মিছিল। বিক্ষোভকারীরা এ সময় বড় বড় ব্যানার বহন করেন। একটি ব্যানারে লেখা ছিল, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের মৃত্যুর কারণ হবে’। এ সময় বিক্ষোভকারীরা সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন। মিছিল শেষে তাঁরা রামলীলা চত্বরে এক সমাবেশ করেন। সমাবেশ শেষে মিছিলটি পার্লামেন্ট ভবন অভিমুখে যায়।প্রধানমন্ত্রী মনমোহন সিং এই মুদ্রাস্ফীতিকে ভারতের অগ্রগতির ক্ষেত্রে গুরুতর হুমকি বলে মনে করছেন। তিনি বলেন, অব্যাহত মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকার শাকসবজিসহ প্রয়োজনীয় খাদ্যপণ্যের উৎপাদন বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।বিক্ষোভকারীদের একজন জগদীশ ঠাকুর এসেছেন উত্তর প্রদেশ থেকে। তিনি উচ্চমাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। তিনি বলেন, ‘সরকার ভুল পথে চলছে। তারা গরিবের কথা ভুলে গেছে। আমাদের দরকার মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ।’পুলিশের মুখপাত্র রাজন ভগত বলেন, আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এএফপি ও রয়টার্স।