খাদ্যে বিষক্রিয়া থাই প্রধানমন্ত্রী হাসপাতালে
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গতকাল মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন।সরকারি মুখপাত্র তিতিমা চাইসাং সাংবাদিকদের বলেন, ইংলাক খাদ্যে বিষক্রিয়ার কারণে ডায়রিয়ায় ভুগছেন। প্রধানমন্ত্রী তাঁর সহকারীকে (ডেপুটি) ডেকে মন্ত্রিপরিষদের একটি সভা পরিচালনা করতে বলেছেন।ব্যাংককের প্ররাম নাইন হাসপাতালের উপপরিচালক আথিত জিরানাইসিলাভং এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী ডায়রিয়া, অবসাদ, পেটের ব্যথা ও অরুচিতে ভুগছেন। চিকি ৎসকেরা তাঁকে স্যালাইন দিয়েছেন। হাসপাতালে তাঁকে এক-দুই দিন বিশ্রামে থাকতে হবে।সম্প্রতি ভয়াবহ বন্যা ও বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতা প্রধানমন্ত্রী ইংলাককে প্রচণ্ড চাপের মধ্যে ফেলেছে। অভিযোগ উঠেছে, তাঁর সরকারের মন্ত্রীরা ত্রাণ বিতরণে দুর্নীতি করেছেন। বিচারমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটও আনা হয়েছে।গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় থাইল্যান্ডের একটা বড় অংশ পানিতে ডুবে যায়। মারা যায় ছয় শতাধিক লোক।বন্যায় থাইল্যান্ডের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যতম প্রধান আয়ের খাত পর্যটনশিল্পের অবস্থাও ভঙ্গুর হয়ে পড়েছে। এ ছাড়া এক বছরও হয়নি, সহিংস আন্দোলন কাটিয়ে উঠেছে দেশটি। এএফপি।