খানসামাকে ক্ষমা করতে পারেন পোপ
পোপ ষোড়শ বেনেডিক্ট গোপন নথিপত্র চুরির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত তাঁর সাবেক খানসামাকে ক্ষমা করে দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে। ওই অপরাধে গত শনিবার পাওলো গ্যাব্রিয়েলের ১৮ মাসের কারাদণ্ড দেন ভ্যাটিকানের একটি আদালত।রায় ঘোষণার পর পোপের মুখপাত্র ফেদেরিকো লমবারদি বলেন, পাওলো গ্যাব্রিয়েলকে পোপ ষোড়শ বেনেডিক্টের ক্ষমা করে দেওয়ার ‘খুবই সম্ভাবনা’ রয়েছে। বিচার চলাকালে বাদী পক্ষের কৌঁসুলিরা গ্যাব্রিয়েলের তিন বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছিলেন। তবে ‘উপশমক পরিস্থিতি’ (যেসব পরিস্থিতি কোনো অপরাধ কম গুরুতররূপে প্রতিপন্ন করতে পারে) বিবেচনায় আদালত তাঁর সাজা কমিয়ে দেন। তবে গ্যাব্রিয়েল বলেন, তিনি যা করেছেন, তা চার্চের ভালোর জন্যই করেছেন। সাবেক খানাসামা গ্যাব্রিয়েলের বিরুদ্ধে পোপের গোপন নথিপত্র চুরি করে তা একজন ইতালীয় সাংবাদিকের কাছে ফাঁস করে দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু চুরির এই অভিযোগ অস্বীকার করলেও গ্যাব্রিয়েল বলেন, তিনি নথিগুলো ফটোকপি করেন। বিবিসি।