খালি পায়ে ২৪ ঘণ্টা দৌড়ে বিশ্ব রেকর্ড!
খালি পায়ে একটানা ২৪ ঘণ্টা দৌড়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ভারতের আসাম রাজ্যের পুলিশ কনস্টেবল অভিজিৎ বড়ুয়া। গত সোমবার স্থানীয় সময় বিকেল তিনটা ৫৬ মিনিটে আসামের জোড়হাট থেকে দৌড় শুরু করেন অভিজিৎ (২২)। এরপর একটানা ১৫৬ কিলোমিটার ছাড়িয়ে আরও ২০০ মিটার যান তিনি। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় দৌড় শেষ করেন। অভিজিৎ দৌড় শুরু করার সময় সেখানে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ভারতীয় পর্যবেক্ষক বি কে চন্দ্র শেখর তিওয়ারি উপস্থিত ছিলেন। ঝান্ডা নামিয়ে তিনি অভিজিৎকে দৌড় শুরু করার সংকেত দেন। দৌড় শুরু করে অভিজিৎ জোড়হাটের পশ্চিমাঞ্চলীয় শহরতলির দিকে এগিয়ে যান। তিওয়ারি বলেন, ‘বিশ্বে এ ধরনের দৌড়ের রেকর্ড এটাই প্রথম।’ তিনি দাবি করেন, খালি পায়ে ২৪ ঘণ্টা একটানা দৌড়ে এতটা দূরত্ব পার হয়েছে বলে কোনো রেকর্ড কোথাও নেই। তিওয়ারি জানান, ভিডিওচিত্রসহ অভিজিতের এই দৌড়বিষয়ক প্রামাণ্যতথ্য গিনেজ বুকের লন্ডনভিত্তিক সদর দপ্তরে পাঠানো হবে।