৯/১১ সন্ত্রাসী হামলার আত্মস্বীকৃত পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদ ও তাঁর চার সহযোগীকে দীর্ঘদিন পর আজ শনিবার কিউবার গুয়ানতানামো বে মার্কিন বন্দিশালায় বিশেষ আদালতে হাজির করা হবে।যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ও শাঙ্কসভিলে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও মানুষ হত্যার অভিযোগে খালিদ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে বিচার চলছে। ওই হামলায় দুই হাজার ৯৭৬ জন নিহত হয়।যুক্তরাষ্ট্রের মাটিতে বর্তমান সময়ে এ ধরনের ভয়ানক হামলার এক দশক পূর্তি পালনের পর সন্ত্রাসীদের বিরুদ্ধে আবার শুনানি শুরু হচ্ছে। এ ছাড়া প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন হত্যার এক বছর পূর্তিও এই সপ্তাহেই উদ্যাপন করা হয়েছে। খালিদ ও তাঁর চার সহযোগীকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। তাঁর অন্য সহযোগীরা হলেন ইয়েমেনের রামজি বিনালশিভ, খালিদের পাকিস্তানি ভাগনে আলী আবদ আল-আজিজ আলি ওরফে আমর আল-বালুচি এবং সৌদি আরবের ওয়ালিদ বিন আত্তাশ ও মুস্তফা আল-হাওসায়ি।যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাষণ লেখক মার্ক টেরেসি বলেছেন, ‘ন্যায়বিচারের জন্য আকাঙ্ক্ষা রয়েছে, আর এটি আমার ও সবার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।’ গুয়ানতানামোর বন্দীদের জিজ্ঞাসাবাদে বুশ প্রশাসনের বহু বিতর্কিত নিপীড়নমূলক কৌশলের পক্ষে বরাবরই সাফাই গেয়ে আসছিলেন মার্ক ।আজ কিউবার দক্ষিণাঞ্চলে মার্কিন ওই নৌ-ঘাঁটিতে শুনানি চলাকালে ২০০ আবেদনকারীর মধ্যে ৬০ জন সংবাদকর্মী উপস্থিত থাকবেন। এ ছাড়া ম্যারিল্যান্ডের ফোর্ট মিড থেকে ক্লোজড-সার্কিট টেলিভিশনে ৩০ জন এই শুনানি সম্প্রচার করবেন।সামরিক কমিশনের প্রধান আইনজীবী ব্রিগেডিয়ার জেনারেল মার্ক মারটিনস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, শুনানির স্বচ্ছতা নিশ্চিত করতেই এই আয়োজন করা হয়েছে।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র লে. কর্নেল টোড ব্রেসেল বলেছেন, গত বছর ওবামা প্রশাসনের উদ্যোগে বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠনের পর আইনি মান আরও উন্নত করার চেষ্টা চলছে। এ জন্য উল্লেখযোগ্যসংখ্যক গণমাধ্যমকর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে।খালিদকে ২০০৩ সালে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তাঁকে কারাগারে রেখে সিআইএ জিজ্ঞাসাবাদের সময় পানিতে চুবানোসহ নানা নির্যাতনমূলক কৌশল অবলম্বন করে। এ ধরনের নির্যাতনমূলক জিজ্ঞাসাবাদের কড়া সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। এএফপি।