খালেদ মেশাল হামাসের নেতা পুননির্বাচিত
আরব বিশ্বে সর্বজনশ্রদ্ধেয় নেতা খালেদ মেশাল পুনরায় হামাসের প্রধান নির্বাচিত হয়েছেন। মধ্যপ্রাচ্যজুড়ে বিদ্যমান সহিংসতার প্রেক্ষাপটে ইসলামপন্থীদের প্রধান পছন্দ হিসেবে তাঁকে বেছে নিয়েছে হামাস। গাজা উপত্যকা শাসনকারী ফিলিস্তিনি ইসলামপন্থীদের আন্দোলনের ৫৬ বছর বয়সী চৌকস এই নেতা পুনর্নির্বাচিত হবেন, তা অনেকেই অনুমান করেছিলেন। গত সোমবার কায়রোর শূরা কাউন্সিলে এক ভোটের মাধ্যমে তাঁর পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা টেলিফোনে এএফপিকে জানান, হামাসের নেতারা খালেদকে পছন্দ করেছেন। হামাস সূত্রগুলো জানিয়েছে, খালেদের অধীনে কাজ করার জন্য দুজন উপপ্রধান নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শূরা কাউন্সিল। ফিলিস্তিন অঞ্চলের মধ্য থেকে এ দুটো নিয়োগ দেওয়ার দায়িত্ব পালন করবেন গাজার প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া।খালেদ মেশাল হলেন ইসলামপন্থী আন্দোলনের অন্যতম একজন রূপকার। গত কয়েক বছর তিনি দামেস্কে দায়িত্ব পালন করেছেন। গত বছর থেকে তিনি দোহায় কাজ করছেন। এএফপি।