খিদে নিয়ে আসবেন না: মিশেল ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র একটি সপ্তাহ পরই যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার জন্মদিন। দিনটি হচ্ছে ১৭ জানুয়ারি। তবে হোয়াইট হাউসে উত্সব হবে পরদিন ১৮ জানুয়ারি।

অতিথি যাঁরা আসবেন, তাঁদের ভালো করে নাচের তালিম নিয়ে আরামদায়ক জুতা পরে আসতে বলেছেন তিনি। আরও বলেছেন পেট ভরে খেয়ে আসতে। কারণ জন্মদিনের অনুষ্ঠানে কোনো খাবার দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ৫০তম জন্মদিন উপলক্ষে মিশেল বন্ধু-বান্ধব নিয়ে নিজের মতো করে কাটানোর সুযোগ পেয়েছেন। বর্তমানে তিনি হাওয়াই দ্বীপে অবকাশ যাপন করছেন। উপভোগ করছেন বর্ধিত ছুটি। এর মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য বরাদ্দ পারিবারিক ছুটি কাটিয়ে মেয়ে মালিয়া ও সাশাকে নিয়ে হাওয়াই দ্বীপ থেকে হোয়াইট হাউসে ফিরে গেছেন ওবামা। এ বর্ধিত ছুটি মিশেলের জন্য স্বামী ওবামার এক উপহার।

অবকাশ শেষে জন্মদিনের পরদিন আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রিতদের কাছে ই-মেইলে নিমন্ত্রণ পাঠানো হচ্ছে। এতে মিশেল বলেছেন, আরামদায়ক জুতা পরতে, নাচের চর্চা করতে আর পার্টিতে যেহেতু কোনো খাবার দেওয়া হবে না তাই ভরা পেটে হাজির হতে। এর নাম রাখা হয়েছে ‘পানাহার ও নাচের পার্টি’। 

নিউইয়র্কের ডেইলি নিউজের খবরে বলা হয়েছে, অতিথিদের ব্যাপক খানাপিনার পেছনে সময় নষ্ট করতে চান না বলেই মিশেল ওবামা এমন অভিনব কায়দায় আমন্ত্রণ জানাচ্ছেন। কারা আমন্ত্রণ পাচ্ছেন, এ বিষয়ে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে, হিপহপ তারকা জে-জেড ও তাঁর স্ত্রী বিয়ন্স আমন্ত্রণ পাবেন। 

নিজের জন্মদিন কীভাবে পালন করবেন, সে সম্পর্কে গত মাসে হাসপাতাল পরিদর্শনকালে ছোট্ট এক মেয়ের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন মিশেল। তিনি বলেছিলেন, ‘হিপহপ নাচ ডুগি হবে।’