পণ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের তথ্য জানাতে অনীহার জন্য খুচরা বিক্রেতাদের দায়ী করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানায়, খুচরা বিক্রেতাদের এই নীরবতা গ্রহণযোগ্য নয়।গত মাসে আয়ারল্যান্ডের খাদ্য পরিদর্শকেরা জানান, কিছু বিফ বার্গারে গরুর বদলে ঘোড়ার মাংস পাওয়া যাচ্ছে। যুক্তরাজ্যের কিছু প্রতিষ্ঠানের উৎপাদিত বিফ বার্গারের ক্ষেত্রে এ ঘটনা ঘটছে। যুক্তরাজ্যের কিছু চেইনশপসহ আইসল্যান্ডের সুপার মার্কেটে এসব বার্গার বিক্রি হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ। তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে।ডাউনিং স্ট্রিট বলেছে, এ ঘটনার জন্য কিছু সুপার মার্কেটকে জবাব দিতে হবে। একজন ক্রেতা পণ্য ক্রয় করে সেই পণ্যের উপাদান সম্পর্কে ভুল তথ্য পাবেন, আর এ ক্ষেত্রে বিক্রেতারা নীরব থাকবেন, তা গ্রহণযোগ্য নয়।যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি (এফএসএ) গত বৃহস্পতিবার জানায়, যুক্তরাজ্যে আটটি ঘোড়া হত্যার ব্যাপারে তারা নিশ্চিত হয়েছে। এর মধ্যে সম্ভবত ছয়টিই ফ্রান্সের ফুড চেইনে পাঠানো হয়েছে। এফএসএ এই তথ্য জানানোর পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিবিসি।