
যুক্তরাজ্যে গত বৃহস্পতিবার এমপি জো কক্সকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি চরমপন্থী ছিলেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। শ্বেতাঙ্গ আধিপত্যবাদী আদর্শের ওপর তাঁর জোরালো বিশ্বাস থাকার কথা বলেছে একটি মার্কিন নাগরিক অধিকার সংগঠন।
বিরোধী লেবার পার্টির এমপি জো কক্সকে (৪১) উত্তর ইংল্যান্ডের লিডস শহরের কাছে বার্স্টল গ্রামে গুলি করে ও ছুরি মেরে হত্যা করা হয়। সেটাই তাঁর নিজ নির্বাচনী এলাকা।
পুলিশ ৫২ বছর বয়সী হামলাকারীর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ না করলেও স্থানীয় গণমাধ্যমে তাঁকে টমাস মেয়ার বলে উল্লেখ করা হয়েছে। ক্যাথলিন কুক নামে তাঁর একজন প্রতিবেশীকে উদ্ধৃত করে বিভিন্ন পত্রপত্রিকায় বলা হয়, ‘তিনি শান্ত ও অন্তর্মুখী স্বভাবের মানুষ ছিলেন।’
হামলাকারীর ভাই সান পত্রিকাকে বলেন, তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং একসময় মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
কিন্তু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে হামলাকারীর সংশ্লিষ্ট থাকার কথা বলেছে মার্কিন নাগরিক অধিকার সংগঠন ‘দ্য সাউদার্ন পভার্টি ল সেন্টার’। সংগঠনটি বলেছে, তাদের কাছে যেসব তথ্য-প্রমাণ রয়েছে সে অনুযায়ী এই ইঙ্গিত মেলে, হামলাকারী নব্য-নাৎসি সংগঠন ‘ন্যাশনাল অ্যালায়েন্স (এনএ)’-এর দীর্ঘদিনের একনিষ্ঠ সমর্থক ছিলেন।
দ্য গার্ডিয়ান পত্রিকা স্থানীয় পুলিশের বরাতে এর আগেই বলেছে, হামলার সময় আক্রমণকারী ‘ব্রিটেন ফার্স্ট’ বলে চিৎকার করছিলেন। তবে ‘ব্রিটেন ফার্স্ট’ নামে কট্টর ডানপন্থী দলটি এ হামলার সঙ্গে তাদের সম্পর্ক অস্বীকার করেছে।
যুক্তরাজ্যে শোক: নিহত এমপি জো কক্সের প্রতি শোক জানিয়ে ব্রিটিশ পার্লামেন্ট, লন্ডনে রানি এলিজাবেথের বাসভবন বাকিংহাম প্যালেস, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের পতাকা অর্ধনমিত রাখা হয়।