খুব শিগগির পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা বন্ধ হবে: কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ছবি: রয়টার্স
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ছবি: রয়টার্স

খুব, খুব শিগগির’ পাকিস্তানের মাটিতে চালকবিহীন মার্কিন ড্রোন হামলা বন্ধ হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পাকিস্তান সফরকালে তিনি গতকাল বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন। এরপরই পাকিস্তান টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন বলে আজ শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

বৈঠক শেষে তিনি বলেন, ড্রোন হামলা এবং ২০১১ সালে ওসামা বিন লাদেনকে হত্যায় বিনা অনুমতিতে পাকিস্তানে পরিচালিত অভিযানসহ অতীতের সব বিদ্বেষ ভুলে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র ‘পূর্ণ অংশীদারি’ পুনঃস্থাপনে একমত হয়েছে।পরে পাকিস্তান টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে ড্রোন হামলার বিষয়ে কেরি বলেন, ‘যেভাবে প্রায় সব হুমকিকে আমরা নির্মূল করতে পেরেছি এবং বাকিগুলোও একই পথে রয়েছে, তাই আমি মনে করি এই কর্মসূচিও শিগগিরই শেষ হবে।’

ড্রোন হামলা বন্ধে যুক্তরাষ্ট্র কোনো সময় নির্দিষ্ট করেছে কি না—এমন প্রশ্নের জবাবে কেরি বলেন, এ বিষয়ে প্রেসিডেন্টের (বারাক ওবামা) খুব বাস্তব একটি সময়সূচি আছে এবং এটি খুব শিগগির বাস্তবায়িত হবে বলে আশা করছি।গত ২৩ মে ওবামা এক ভাষণে বলেছিলেন, ২০১৪ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহারের ফলে ‘আফগান যুদ্ধ মঞ্চে’ ড্রোন হামলার প্রয়োজনীয়তা কমবে। তবে ড্রোন হামলা পুরোপুরি বন্ধের বিষয়ে কিছু বলেননি তিনি।

২০০৪ সালের পর থেকে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ও তালেবানের বিরুদ্ধে উত্তর ওয়াজিরিস্তানসহ আফগান সীমান্তে ড্রোন হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই ড্রোন হামলাকে পাকিস্তান তাদর সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করে।

নিউ আমেরিকা ফাউন্ডেশনের এক পরিসংখ্যানে দেখা গেছে, গত আড়াই বছরের মধ্যে গত বছরই ১৭টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ২০১২ সালে ৪৮টি এবং ২০১১ সালে ৭৩টি হামলার ঘটনা ঘটেছে।