মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে কম্বোডিয়ার সাবেক খেমাররুজ কারাপ্রধান ডাচকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির জাতিসংঘ সমর্থিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। গতকাল সোমবার এই রায় ঘোষণা করা হয়। ডাচ আদালতে তাঁর অপরাধের কথা স্বীকার করেন। তাঁকে প্রথমে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে আগেই কম্বোডিয়ার সামরিক আদালত তাঁকে অবৈধভাবে পাঁচ বছর আটকে রাখায় যুদ্ধাপরাধ আদালত ৩০ বছর কারাদণ্ড নির্ধারণ করেন। এই আদালতের প্রথম রায় এটি। ডাচের আসলনাম কাইং গুয়েক ইয়াভ। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খেমাররুজ শাসনামলে তুওল স্লেং নামে একটি কারাগারের দায়িত্বে ছিলেন তিনি। সে সময় সেখানে ১৫ হাজার মানুষকে হত্যা করা হয়। এ ঘটনায় গণিতের সাবেক শিক্ষক থেকে বিপ্লবী হিসেবে আত্মপ্রকাশকারী ডাচের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। খেমাররুজদের শাসনামলে নিষ্পেষণমূলক কঠোর নীতির কারণে কম্বোডিয়ায় প্রায় ২০ লাখ মানুষ মারা যায়। বাদী পক্ষ ডাচকে (৬৭) ৪০ বছর কারাদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছিল। ট্রাইব্যুনাল ৩০ বছরের কারাদণ্ড দিলেও ডাচ আসলে আর ১৯ বছর কারাগারে থাকবেন। কারণ ইতিমধ্যে আরও ১১ বছর কারাদণ্ড ভোগ করেছেন তিনি। ১৯৯৯ সালে আটক হওয়ার পর থেকেই তাঁকে কারাগারে আটকে রাখা হয়েছে।রাজধানী নমপেনের কাছে স্থাপিত একটি বিশেষ আদালতে পাঁচজন বিচারকের একটি প্যানেল এই রায় ঘোষণা করে। বিচারকেরা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি সন্দেহাতীত আনুগত্য প্রকাশ করতে গিয়ে ডাচ ওই হত্যাকাণ্ড নিশ্চিত করার ব্যবস্থা করেছিলেন। তাঁরা এই অপরাধকে ‘মর্মান্তিক ও ঘৃণ্য’ হিসেবে অভিহিত করেন। আদালতে এ সময় ডাচ উপস্থিত ছিলেন। তার পরনে ছিল নীল শার্ট। রায় ঘোষণার সময় বেশ বিমর্ষ মুখে চেয়ারে বসে ছিলেন তিনি। এই রায় ঘোষণা কম্বোডিয়ার প্রচারমাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়। খেমাররুজ শাসকগোষ্ঠীর শীর্ষ নেতাদের মধ্যে জীবিত পাঁচজনকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে প্রথম বিচার হলো ডাচের। বাকি চার অভিযুক্ত খেমাররুজ নেতার বিচারপ্রক্রিয়া আগামী বছর শুরু হবে বলে আশা করা হচ্ছে।অপরাধ স্বীকার করে গত নভেম্বরে আদালতের সামনে ডাচ বলেন, তিনি শুধু ওপরওয়ালাদের নির্দেশ পালন করেছিলেন। ওই সময় আদালতের কাছে ক্ষমা প্রার্থনাও করেন তিনি।রায় ঘোষণার পর অনেকেই বলেন, তাঁরা আরও কঠোর শাস্তি আশা করেছিলেন। সাওদি ওচ (৪৬) নামের এক কম্বোডীয় বলেন, ‘আমি এটা মেনে নিতে পারছি না। আমার পরিবারকে হত্যা করা হয়েছে। ভাইবোন সবাইকে হারিয়েছি। পরিবারে একমাত্র আমিই বেঁচে আছি।’ এএফপি, বিবিসি, রয়টার্স।