খেমাররুজের শীর্ষনেতার দায়দায়িত্ব স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ার খেমাররুজ শাসনামলের দ্বিতীয় নেতা নিওন চিয়া প্রথমবারের মতো স্বীকার করেছেন, ১৯৭০-এর দশকের কর্মকাণ্ডের জন্য তাঁরও দায়িত্ব রয়েছে। তবে নিওন চিয়া তাঁর বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন।নিওন চিয়া (৮৬) গতকাল বৃহস্পতিবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে জাতিসংঘ-সমর্থিত একটি আদালতে স্বীকারোক্তিমূলক এই জবানবন্দি দেন। তিনি বলেন, ‘আমি আমার দায়দায়িত্ব অস্বীকার করছি না।’ খেমাররুজ শাসনামলে নিহতদের স্বজনদের প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়ে নিওন বলেন, ‘একজন নেতা হিসেবে দেশের ক্ষতি ও বিপদের দায়দায়িত্ব আমাকে অবশ্যই স্বীকার করতে হবে।’ তিনি এও বলেন, খেমাররুজের সব কর্মকাণ্ড সম্পর্কে তাঁর জানা ছিল না। ওই সময় নির্বাহী বিভাগে তাঁর কোনো ক্ষমতা ছিল না। ফলে খেমাররুজের সময়ে যা কিছু ঘটেছে, তার কিছু কিছু তিনি জানতেন ঠিক। কিন্তু বাকি বিষয়গুলো সম্পর্কে একদমই তাঁর জানা ছিল না।কম্বোডিয়ার নিন্দিত খেমাররুজ শাসনামলের জীবিত নেতাদের মধ্যে নিওন চিয়াই সবচেয়ে বেশি বয়সী। এ ছাড়া বর্তমানে ওই আমলের আরেক শীর্ষনেতা খিউ সামফানের (৮১) বিচার চলছে। তিনিও যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন।সামফান গতকাল আদালতে বলেন, খেমাররুজ শাসনামলে কম্বোডিয়ার মানুষের ‘মহাদুর্ভোগের’ কথা তিনি জানতেন না। এএফপি।