খোলা আকাশের নিচে দুর্গত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে গত মঙ্গলবারের শক্তিশালী ভূমিকম্পে ঠিক কতজন নিহত হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে মৃতের সংখ্যা লাখেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী পোর্ট অব প্রিন্স কার্যত ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা থেকে উদ্ধারকর্মী, চিকিত্সক দল এবং খাদ্য-সাহায্য পাঠানো হলেও প্রয়োজনের তুলনায় সেটা খুবই অপ্রতুল। ভূমিকম্পের পর দ্বিতীয় রাতও খোলা আকাশের নিচে কাটিয়েছে অসহায় দুর্গত মানুষ। ধ্বংসাবশেষের নিচ থেকে ভেসে আসছে চাপা পড়া মানুষের বাঁচার আকুতি। মৃতদেহের পাশেই রাত কাটিয়েছে অনেকে।যন্ত্রপাতির অভাবে উদ্ধার তত্পরতা ব্যাহতক্যারিবীয় অঞ্চলের দরিদ্রতম এই দেশে বড় ধরনের দুর্যোগ মোকাবিলার মতো কোনো অবকাঠামোই নেই। উদ্ধারকাজের জন্য নেই কোনো ভারী যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবল। এ কারণে উদ্ধার তত্পরতা এখনো বলতে গেলে শুরুই করা যায়নি। বিভিন্ন দেশ উদ্ধারকারী দল পাঠালেও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় তারা কাজ করতে পারছে না। মূলত দুর্গত ব্যক্তিরাই খালি হাতে ধ্বংসাবশেষের নিচ থেকে হতাহত মানুষকে টেনে বের করার চেষ্টা করছে। উদ্ধার তত্পরতা সমন্বয়ের কাজ করছেন সেখানে আগে থেকেই অবস্থান করা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদস্যরা।চিলির এক শান্তিরক্ষী বলেন, ‘আমরা বুঝে উঠতে পারছি না, কীভাবে কী করব। কী ভয়াবহ ধ্বংসযজ্ঞই না হয়েছে। সব এলাকায় আমরা পৌঁছাতেও পারছি না।’রাত কেটেছে লাশের পাশেভূমিকম্পের পরপরই হাইতিতে নেমে এসেছিল রাতের অন্ধকার। অন্ধকারে চিত্কার-চেঁচামেচি আর আর্তনাদ ছাড়া কিছুই করতে পারেনি দুর্গত লোকজন। বুধবার সকাল হওয়ার পর অনেকেরই সারা দিন কেটেছে ভেঙে পড়া ভবনের নিচে প্রিয়জনের খোঁজে। দিন শেষে আঁধার ঘনিয়ে আসার পর আর উদ্ধারকাজ সম্ভব হয়নি। বেশির ভাগ মানুষ অভুক্ত থেকে আশ্রয় নিয়েছে খোলা আকাশ বা আধা ভাঙা ভবনের নিচে। সেসব ভবনের নিচে ছিল প্রিয়জনের লাশ। ওই অবস্থায় মনোবল চাঙা রাখার জন্য কেউ কেউ গেয়েছে ভক্তিমূলক গান।চিকিত্সা পেতে আহত মানুষের আকুতিচিকিত্সাসেবা দেওয়ার আন্তর্জাতিক সংস্থা মেডিসিন সান ফ্রন্টিয়ার্স জানিয়েছে, অস্থায়ীভাবে তৈরি করা চিকিত্সাকেন্দ্রগুলোতে ভিড় করছে হাজার হাজার আহত মানুষ। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।চিকিত্সাকেন্দ্রগুলোতে অসংখ্য মানুষ শুয়ে আছে বুকের পাঁজরভাঙা, ফাটা মাথা নিয়ে। লোকবল ও চিকিত্সা সরঞ্জামের অভাবে আহত সবাইকে চিকিত্সা দেওয়া সম্ভব হচ্ছে না।হাইতিতে রেডক্রসের মুখপাত্র পার্সিলাস জ্যঁ ব্যাপটিস্তা বলেন, ‘আমাদের ওষুধপত্র শেষ। প্রয়োজনীয় চিকিত্সা সরঞ্জাম নেই।’জানা যায়নি হতাহতের সঠিক সংখ্যাভূমিকম্পে হতাহতের সঠিক সংখ্যা জানতে হয়তো অরও অনেক দিন লেগে যাবে। ধ্বংসাবশেষের নিচ থেকে সব মৃতদেহ আদৌ উদ্ধার করা সম্ভব হবে কি না, সেটাও অনিশ্চিত। তবে বিভিন্ন বেসরকারি ও দাতব্য সংস্থা এবং উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে। প্রধানমন্ত্রী জিন-ম্যাক্স বেল্লেরিভ সিএনএনকে বলেছেন, মৃতের সংখ্যা এক লাখের ওপরে হতে পারে। আর প্রেসিডেন্ট রেনি প্রিভেল শুধু বলেছেন, ‘এখন পর্যন্ত আমি জানি না। শুধু শুনেছি, মৃতের সংখ্যা ৩০ থেকে ৫০ হাজার হতে পারে।’থাকার জায়গা নেই প্রেসিডেন্টেরভূমিকম্পে প্রেসিডেন্ট রেনি প্রিভালের প্রাসাদটি বিধ্বস্ত হওয়ায় বসবাসের উপযোগী জায়গা পাচ্ছেন না তিনি। কীভাবে মৃতদেহের সারি পেরিয়ে এসেছেন, সেই বর্ণনা দিয়ে প্রেসিডেন্ট বলেন, ধসে পড়া পার্লামেন্ট ভবনের ওপর দিয়ে হেঁটে আসার সময় তিনি আটকে পড়া মানুষের আর্তনাদ শুনেছেন। ওখানে সিনেটের সভাপতিও আটকা পড়ে আছেন বলে তিনি জানান।চিকিত্সা ও ত্রাণসাহায্য পাঠাচ্ছে বিভিন্ন দেশমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হাইতিতে ত্রাণসহ সব ধরনের সাহায্য পাঠনোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘জীবন রক্ষায় দ্রুত পর্যাপ্ত সাহায্য পাঠানোর জন্য আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি।’ পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বিদেশ সফর কাটছাঁট করে ওয়াশিংটনে ফিরেছেন। ইতিমধ্যে ত্রাণ নিয়ে পোর্ট অব প্রিন্সে পৌঁছেছে মার্কিন বিমান। আর মার্কিন নৌবাহিনীর ত্রাণবাহী জাহাজও হাইতি অভিমুখে যাত্রা করেছে।ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ, রাশিয়া ও চীন বিমানে করে ত্রাণ পাঠাচ্ছে। লাতিন আমেরিকার দেশগুলোও সব ধরনের সাহাজ্যের প্রতিশ্রুতি দিয়েছে। ৫০ লাখ ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে জাপান।হাইতিতে জাতিসংঘের বিশেষ দূত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বুধবার থেকেই তহবিল সংগ্রহের কাজ শুরু করেছেন। যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রিয়জনদের কবর দেওয়ার, ক্ষত সারিয়ে তোলার, খাওয়ার, ঘুমানোর এবং নতুন করে জীবন শুরু করার অধিকার তাদের আছে। শুধু সরকারের একার পক্ষে সেটা সম্ভব নয়।’উদ্ধারকারী দল, খাদ্য, ওষুধসহ দুটি জাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কানাডা। ইউরোপীয় কমিশন ৩০ লাখ ইউরো সাহায্য দিয়েছে।বিশ্বব্যাংক জানিয়েছে, হাইতির জন্য তারা অতিরিক্ত ১০ কোটি ডলার জরুরি সাহায্য দেবে। দুর্গত মানুষের সাহায্যার্থে ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে রেডক্রস ও রেড ক্রিসেন্ট। জাতিসংঘ খাদ্য কর্মসূচি জানিয়েছে, তারা ১৫ হাজার টন খাদ্য পাঠাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিকিত্সা বিশেষজ্ঞ দল পাঠিয়েছে।অস্ট্রেলিয়া নয় কোটি ২০ লাখ মার্কিন ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে। এ ছাড়া ব্রাজিল, পেরু, মেক্সিকো, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা, গুয়াতেমালাসহ অন্যান্য দেশও বিভিন্ন ধরনের সাহায্য পাঠাতে শুরু করেছে।জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের কমপক্ষে ১৬ জন কর্মী নিহত এবং ৫৬ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও প্রায় দেড় শ জন। হাইতি মিশনের প্রধান হেদি আন্নাবি মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।ভারত গতকাল জানিয়েছে, জাতিসংঘ ও শান্তিরক্ষী মিশনে কর্মরত ৫০ জন ভারতীয় নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। ফিলিপাইন জানিয়েছে, তাদের চারজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। এএফপি, বিবিসি অনলাইন, এপি, রয়টার্স ও পিটিআই।