খোসা প্রথায় সমাহিত করা হবে ম্যান্ডেলাকে

বিশ্বনেতা আর সর্বজনশ্রদ্ধেয় রাষ্ট্রনায়ক হলেও জন্ম তাঁর আফ্রিকার মাটিতে। আফ্রিকার এক নিভৃত গ্রামে কেটেছে শৈশব। আদিম আফ্রিকার আলো, পানি, বাতাসে বেড়ে উঠেছেন গোত্রের জীবনাচরণ মেনে। আর সেই গোত্রের প্রথাগত রীতিতেই শেষ শয্যা পাতা হবে নেলসন ম্যান্ডেলার।
কাল রোববার জন্মস্থান ইস্টার্ন কেপ প্রদেশের প্রত্যন্ত কুনু গ্রামে ফিরছেন ম্যান্ডেলা। সেখানে খোসা সম্প্রদায়ের যাবতীয় আচার-অনুষ্ঠান পালন করে চিরবিদায় জানানো হবে বর্ণবাদবিরোধী আন্দোলনের মহানায়ককে। গতকাল শুক্রবার শ্রদ্ধা নিবেদনের জন্য প্রিটোরিয়ায় প্রশাসনের কেন্দ্রবিন্দু ইউনিয়ন বিল্ডিংয়ে শেষ দিনের মতো রাখা হয় তাঁর মরদেহ।
১৯১৮ সালে কুনুতে খোসা সম্প্রদায়ে জন্ম নিয়েছিলেন ম্যান্ডেলা। খোসা নেতারা জানালেন, ‘প্রিয় সন্তানকে’ গ্রামের মাটিতে ফিরে নিতে প্রস্তুত তাঁরা। গোত্রপ্রধান জঙ্গিইয়ানিসো এমটিরারা বলেন, ‘শেষকৃত্যানুষ্ঠান হলো এমন একটি আয়োজন, যার মাধ্যমে মৃত ব্যক্তির আত্মার সঙ্গে তাঁর প্রয়াত পূর্বপুরুষদের আত্মার যোগাযোগ ঘটানো হয়। এর মাধ্যমে মৃত ব্যক্তির আত্মা চির শান্তি লাভ করে।’
গোত্রপ্রধান জঙ্গিইয়ানিসো জানান, শেষকৃত্যানুষ্ঠান প্রক্রিয়ায় প্রাণীর রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোসা সম্প্রদায়ের একজন ব্যক্তির জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পশু জবাই দেওয়া হয়ে থাকে। এই প্রথা মেনে ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠানেও একটি ষাঁড় জবাই করা হবে। পুরো আয়োজনে ম্যান্ডেলাকে সম্বোধন করা হবে ডালিভুঙ্গা নামে। কারণ, ১৬ বছর বয়সে সাবালক হলে সম্প্রদায়ের প্রথা মেনে খতনা করানোর সময় ম্যান্ডেলার নাম ডালিভুঙ্গা রাখা হয়েছিল। খোসা সম্প্রদায়ের বিশ্বাসমতে, খতনার মাধ্যমেই একটি বালক পুরুষে পরিণত হয়।
ম্যান্ডেলার মরদেহ কুনু গ্রামের বাড়িতে পৌঁছালে তিনবার ‘আহ! ডালিভুঙ্গা’ বলে চিৎকার করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে। অনুষ্ঠানে উপস্থিত সবাই এই ‘স্লোগান’ দিতে থাকবেন। শোকাহত লোকজন কয়েকটি ভাগে বিভক্ত হয়ে স্লোগান দেবেন। খোসা সম্প্রদায়ের প্রথানুযায়ী নির্দিষ্ট পোশাক ও অলংকার পরবেন তাঁরা। সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হবে তাঁকে।
ম্যান্ডেলার অপেক্ষায় আছে তাঁর প্রিয় গ্রাম কুনু। ম্যান্ডেলার ভাগনে এমফুনডো এটিরারা বলেন, তিনি সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার দাবি রাখেন। এই গ্রামে তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশ করাটা ছিল সবচেয়ে কঠিন কাজের একটি।
ম্যান্ডেলা কখনোই প্রকাশ্যে তাঁর ধর্মীয় অবস্থানের বিষয়টি প্রকাশ করেননি।
ইস্টার্ন কেপ অঞ্চলের ঐতিহ্যবিষয়ক কমিশনের প্রধান নকুজোলা এমডেনেগে জানান, নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠান তাঁর সম্প্রদায়ের সব প্রথা মেনে সম্পন্ন করা হবে। সরকারকে ‘পেছনের আসনে রেখেই’ সব আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, এখানে সরকার হস্তক্ষেপ করার চেষ্টা করলে তা গোত্রের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা মেনে নেবেন না। এমনটা হলে ম্যান্ডেলার পরিবারের জন্য তা ক্ষতিকর হবে।
তবে এই মহানায়কের শেষ বিদায়ের সময় কয়েকজন বিশ্বনেতা ও আমন্ত্রিত বিশেষ অতিথি কুনু গ্রামের শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এএফপি।