খ্যাতি নিয়ে মাথা ঘামান না রানি দ্বিতীয় এলিজাবেথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজের খ্যাতি নিয়ে মাথা ঘামান না তিনি। বরং নিজেকে রাখঢাকের ভেতর রাখতেই তাঁর পছন্দ।’ যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে এই মন্তব্য করেছেন তাঁর নাতি ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম। আর তাঁর ভাই প্রিন্স হ্যারি বলেছেন, রানি এখনো এমন সব দায়িত্ব পালন করছেন, যা এ বয়সে করে যাওয়া উচিত নয়। ডিউক অব এডিনবরা (এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ) পাশে আছেন বলেই তিনি এসব কাজ করতে পারছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাদি সম্পর্কে এসব মন্তব্য করেন যুক্তরাজ্যের দুই প্রিন্স। রানির সিংহাসনে আরোহণের ৬০তম বর্ষপূর্তি উপলক্ষে বিবিসি ওয়ানের প্রামাণ্যচিত্রের জন্য এ সাক্ষৎকার নেওয়া হয়। আগামী সোমবার এটি প্রচার করা হবে। এই প্রামাণ্যচিত্র নির্মাণে বিবিসির অ্যান্ড্রু মার প্রায় এক বছর ধরে রানির দৈনন্দিন কাজকর্ম পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে রানির ব্যক্তিগত জীবনের অনেক অজানা তথ্য তুলে ধরতে তিনি রাজপরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিচ্ছেন। অ্যান্ড্রু মারের বর্ণনা অনুযায়ী, রানি অনুকরণীয় আদর্শ, বিচক্ষণ ও আচারনিষ্ঠ, অর্থসংক্রান্ত বিষয়ে অত্যন্ত সাবধানী এবং খুব রসবোধসম্পন্ন ব্যক্তি। অলস লোক পছন্দ করেন না তিনি। রানিকে নিয়ে ওই প্রামাণ্যচিত্রের জন্য যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে। ক্যামেরন বলেন, রানি এমনভাবে প্রশ্ন করেন মনে হয়, বিষয়টি সম্পর্কে তাঁর ভালো জানা আছে। তাঁর প্রশ্নের ঢংও এমন, একজনকে ভাবিয়ে তোলে যে সে কী করছে। ব্লেয়ার বলেছেন, সাপ্তাহিক বৈঠকের দিনগুলোতে রানি সব সময় মনোযোগ দিয়ে শুনতেন। ব্লেয়ারের মতে, উপস্থিত লোকজনের সঙ্গে খোলামেলা ও তথ্যবহুল কথাবার্তা বলার জন্য রানি সব সময় প্রস্তুতি নিয়ে থাকতেন। দ্য টেলিগ্রাফ।