গঙ্গায় থুতু ফেললে তিন বছরের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য সংকল্প নিয়েছে নরেন্দ্র মোদির সরকার। এর অংশ হিসেবে গঙ্গায় থুতু বা যেকোনো ধরনের বর্জ্য ফেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছে, এ নিষেধাজ্ঞা অমান্য করলে তিন বছরের কারাদণ্ড অথবা ১০ হাজার রুপি জরিমানা করা হবে।
কেন্দ্রীয় পানিসম্পদ উন্নয়নমন্ত্রী উমা ভারতী সম্প্রতি বলেন, ‘গঙ্গা দূষণমুক্ত রাখার জন্য আমরা নতুন ভাবনা ও পরিকল্পনা নিয়ে আসব। অন্যান্য নদীর ক্ষেত্রেও আমরা “গঙ্গা মডেল” নিয়ে কাজ শুরু করতে চাই।’
লোকসভা নির্বাচনে মোদির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল গঙ্গাকে দূষণমুক্ত করা। সরকার গঠনের পর পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘গঙ্গার পুনর্যৌবনদান’ বিষয়ক একটি বিভাগ তৈরি করা হয়। পানিসম্পদমন্ত্রী উমা ভারতীকে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।