গণকবর আবিষ্কারের ঘটনা তদন্ত করবে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় একটি গণকবর আবিষ্কৃত হওয়ার ঘটনা তদন্তে কমিশন নিয়োগ করবে সে দেশের সরকার। গত বছরের ডিসেম্বরে দেশটির মধ্যাঞ্চলীয় এক হাসপাতাল এলাকায় ওই গণকবর আবিষ্কার করা হয়। গণকবরটিতে দেড় শতাধিক মানুষের খুলি ও হাড়গোড় পাওয়া গেছে। শ্রীলঙ্কার মিডিয়া সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটির প্রধান লক্ষ্মণ হুলুগলে গত সোমবার বলেন, প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে তদন্ত কমিশন গঠনের ওই সিদ্ধান্ত নিয়েছেন।সরকারের এই মুখপাত্র বলেন, গণকবরটি মধ্যাঞ্চলীয় একটি সরকারি হাসপাতাল এলাকায় অবস্থিত। কয়েক দশক আগে মার্ক্সপন্থী বিদ্রোহীদের হত্যা করে এখানে কবর দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, ওই ঘটনায় পুলিশের তদন্ত চলছে। কমিশন এর পাশাপাশি তদন্ত করবে। শিগগিরই কমিশনের সদস্যদের নাম ঘোষণা করা হবে। গত বছর রাজধানী কলম্বো থেকে প্রায় ১০৫ কিলোমিটার উত্তর-পূর্বে মাটাল এলাকার ওই হাসপাতালের নির্মাণকাজ চালানোর সময় গণকবরটি খুঁজে পাওয়া যায়। গত মাসে একজন বিচারপতি ঘটনাস্থলকে অপরাধ কর্মকাণ্ড সংঘটনের স্থান হিসেবে উল্লেখ করে বলেন, গণকবর থেকে উদ্ধার করা খুলি ও হাড়গোড় ২৫ বছর আগের। আল-জাজিরা।