গণতন্ত্রের জন্য কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘অপরিবর্তনীয়’ কাজ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল শনিবার দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠকের পর ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন এ আহ্বান জানান।মিয়ানমার গণতন্ত্রের পক্ষে সংস্কারমূলক নানা কাজ করায় সম্প্রতি দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইইউ। এরপর দেশটি সফরে গেলেন অ্যাস্টন। অ্যাস্টন গতকাল ইয়াঙ্গুনে সু চির সঙ্গে বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সু চি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এএলডি) শপথ না নেওয়া এবং পার্লামেন্ট অধিবেশনে যোগ না দেওয়া প্রসঙ্গে অ্যাস্টন বলেন, ‘এটা পরিবর্তনের একটি প্রক্রিয়া। আমি আশা করি, সবকিছু ঠিকঠাকমতো হবে এবং অপরিবর্তনীয় একটি প্রক্রিয়ার মাধ্যমে মিয়ানমার গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘এই যাত্রায় অনেক কাজ করার প্রয়োজন রয়েছে।’অ্যাস্টন আগামীকাল সোমবার রাজধানী নেপিডোয় প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে সাক্ষাৎ করবেন। অ্যাস্টন বলেন, তিনি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ‘তাঁর নেওয়া সংস্কারের উদ্যোগকে স্বাগত জানাবেন’ এবং ‘আরও বেশি কিছু কাজ করার আহ্বান’ জানাবেন।মিয়ানমার সরকারের নেওয়া সংস্কারমূলক নানা পদক্ষেপকে ‘ঐতিহাসিক পরিবির্তন’ অভিহিত করে ইইউ দেশটির ওপর থেকে আগামী এক বছরের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর আওতায় বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্র এবং মিয়ানমারের নেতাদের ইইউভুক্ত দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। সু চি গত ২৪ বছরের মধ্যে এই প্রথমবারের মতো বিদেশ সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন। তবে গতকাল তিনি জানান, এখনো পাসপোর্ট হাতে পাননি। পার্লামেন্ট অধিবেশনে যোগ না দেওয়া প্রসঙ্গে সু চি গতকাল বলেন, ‘যে বিষয়টি নিয়ে এই অচলবস্থার সৃষ্টি হয়েছে, আশা করি শিগগিরই তার সমাধান হবে।’এনএলডির আবেদন অনুযায়ী শপথ বাক্যে সংবিধান প্রসঙ্গে ‘সুরক্ষা (সেফগার্ড)’ শব্দের বদলে ‘সম্মান (রেসপেক্ট)’ শব্দ না দেওয়ায় দলটি পার্লামেন্ট অধিবেশন বর্জন করে। এনএলডি ১ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে ৪৩ আসনে জয়লাভের পর এটাই ছিল প্রথম অধিবেশন। ওই নির্বাচনে সু চি একটি আসনেও জয়ী হন। মোট ৪৫টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।মিয়ানমারে ২০১০ সালের নভেম্বরে অনুষ্ঠিত বিতর্কিত এক নির্বাচনে ক্ষমতায় আসে বর্তমান সরকার। ওই নির্বাচনে বিতর্কিত আইনি জটিলতায় অংশ নিতে পারেনি সু চির দল এনএলডি। নির্বাচনের পর থেইন সেইন প্রেসিডেন্ট হয়ে সংস্কার প্রক্রিয়া শুরু করেন। এএফপি।