গণতন্ত্রের পথে এগিয়ে যাবে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, তাঁর দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারবে বলে তিনি আশাবাদী। গতকাল শুক্রবার ইয়াঙ্গুনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠকের পর তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকাল মিয়ানমারের জন্য ১২ লাখ ডলার সহায়তার প্রস্তাব দিয়েছেন।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল সু চির সঙ্গে তাঁর ইয়াঙ্গুনের বাড়িতে বৈঠক করেন। গত বুধবার ঐতিহাসিক এক সফরে মিয়ানমারে পৌঁছান তিনি।বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগকে স্বাগত জানান সু চি। তাঁর আশাবাদ, এই যোগাযোগ দীর্ঘদিন ধরে একঘরে হয়ে থাকা মিয়ানমারকে গণতন্ত্রের পথে এগিয়ে নেবে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফরকে দেশ দুটির জন্য ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে বর্ণনা করেন সু চি। সরকারের সংস্কারমূলক পদক্ষেপকে স্বাগত জানান তিনি। সংস্কারের কারণেই তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছে। তবে তিনি বলেন, আরও অনেক কিছু দরকার আছে। সু চি রাজবন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানান।মিয়ানমারে গণতন্ত্রের অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন হিলারি ও সু চি। হিলারির সঙ্গে বৈঠকের পর সু চি বলেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী যে, আমরা যদি একসঙ্গে কাজ করি...গণতন্ত্রের পথ থেকে পিছু হঠতে হবে না।’ তবে সু চি বলেন, মিয়ানমার ‘এখনো সেই পথে নেই’। আইনের শাসন নিশ্চিত করতে আরও কাজ করার জন্য সেনা-সমর্থিত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।সু চির ‘দৃঢ় ও স্বচ্ছ’ নেতৃত্বের প্রশংসা করেন হিলারি ক্লিনটন। তিনি সু চির উদ্দেশে বলেন, ‘আপনি প্রেরণার উ ৎস।’ হিলারি বলেন, ‘অন্য সব স্থানের মানুষের মতো আপনার দেশের মানুষও সমান অধিকার ও স্বাধীনতা পাওয়ার যোগ্য। আমরা চাই, এই দেশ বিশ্বে তার যথাযোগ্য জায়গা করে নেবে।’ উল্লেখ্য, হিলারি ক্লিনটন প্রায়ই সু চিকে তাঁর ব্যক্তিগত অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করে থাকেন।এদিকে মিয়ানমারের জন্য ১২ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন হিলারি ক্লিনটন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই অর্থ ক্ষুদ্রঋণ, স্বাস্থ্যসেবা ও ভূমিমাইনের বিস্ফোরণে আহত ব্যক্তিদের চিকি ৎসায় ব্যবহূত হবে। হিলারি ক্লিনটন বলেন, ‘এই দেশের মানুষের প্রতি অঙ্গীকারের মর্যাদা রাখতে আমরা অনেকগুলো পদক্ষেপ নেব।’ এর আগে তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।গত বছর মিয়ানমারের সামরিক জান্তা বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। এই সরকার বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেয়। সু চিকে আটকাবস্থা থেকে মুক্তি দেওয়া হয়।সু চির দল এনএলডি সম্প্রতি রাজনৈতিক দল হিসেবে আবারও নিবন্ধিত হয়েছে। এএফপি, রয়টার্স, বিবিসি।