বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে আজ শুরু হচ্ছে গণতন্ত্রের উৎসব। দেশটির সাধারণ নির্বাচনের নয় পর্বের ভোটের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আজ সোমবার। প্রথম দিনে ভোট হবে মাত্র ছয়টি আসনে। এক মাসের বেশি সময়জুড়ে চলা ভোট উৎসবের শেষ পর্ব আগামী ১২ মে। ভোট গণনা ১৬ মে। দিল্লির মসনদে আগামী পাঁচ বছর কারা থাকবে, তা জানা যেতে পারে সেদিন।
পালাবদলের আভাস: পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় মোট আসন ৫৪৩টি। এবার অনুষ্ঠিত হচ্ছে লোকসভার ১৬তম নির্বাচন। ক্ষমতায় আসতে হলে দলীয় বা জোটগতভাবে কমপক্ষে ২৭২টি আসন কবজা করতে হবে। গত দুই লোকসভা নির্বাচনে জিতে পরপর দুই মেয়াদে ক্ষমতায় আছে কংগ্রেস দলের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ। তবে এবার ভারতজুড়ে জোরেশোরে বইছে ক্ষমতার পালাবদলের হাওয়া। নির্বাচনের কয়েক মাস আগে থেকে শুরু হওয়া সব কটি জনমত জরিপই আভাস দিয়েছে, ভোটের ফলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ।
এনডিটিভির সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, বিজেপি একাই পেতে পারে ২১৪টি আসন। আর জোটের শরিকদের নিয়ে তারা পেতে পারে ২৫৯ আসন। বিপরীতে কংগ্রেস একা ১০৪ ও জোটসঙ্গী মিলিয়ে ১২৩ আসনে বিজয়ী হতে পারে।
২০০৯ সালে ১৫তম লোকসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল ২০১টি আসন। সেবার প্রধান বিরোধী দল বিজেপি পায় ১১২টি আসন। পরে কয়েকটি আঞ্চলিক দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে কংগ্রেস।
পরপর দুই দফায় প্রধানমন্ত্রিত্ব করা মনমোহন সিংহের ভাবমূর্তি বেশ স্বচ্ছ। কিন্তু তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্য বড় কয়েকটি দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন। দুর্নীতির অভিযোগ ছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন কারণে দ্বিতীয় মেয়াদে ইউপি সরকারের জনপ্রিয়তায় ধস নামে। জনপ্রিয়তা ফিরিয়ে আনার চেষ্টায় গত বছর সরকার আলোচিত খাদ্যনিরাপত্তা আইন পাস করে দেশের দুই-তৃতীয়াংশ মানুষকে নামমাত্র দামে চালসহ কয়েক ধরনের খাদ্য সরবরাহের উদ্যোগ নেয়। কিন্তু এতে শেষ রক্ষা হবে বলে মনে হচ্ছে না।
অন্যদিকে বিজেপি এবার নিজেদের বেশ গুছিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছে। নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে দলের মধ্যে বিভক্তি প্রকাশ্য রূপ নিয়েছিল গত বছরের শেষ দিকে। গুজরাটের দাঙ্গার কারণে রাজ্যটির বিতর্কিত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী প্রার্থী করার ব্যাপারে জোর আপত্তি জানান অন্যতম জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানিসহ কয়েকজন প্রভাবশালী নেতা। এর পরও সিদ্ধান্ত হয় নরেন্দ্র মোদিই হবেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এখন আদভানিসহ সবাই দলের সেই সিদ্ধান্ত মেনে নিয়ে মোদির পেছনে এককাট্টা হয়েছেন। দেশজুড়ে মোদিই এখন হয়ে দাঁড়িয়েছেন বিজেপির প্রতীক।
বিপরীতে কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে ধোঁয়াশা থেকে যায়। তারা ক্ষমতায় এলে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তা ছাড়া রাহুলও নিজেকে দেশজুড়ে সেভাবে মেলে ধরতে পারেননি।
এ অবস্থায় বিজেপি বা মোদিকে রুখতে গুজরাট দাঙ্গায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়টি সামনে নিয়ে আসছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি ‘দক্ষ প্রশাসক’ ও ‘শিল্প-বাণিজ্যবান্ধব’ হিসেবে মোদির রেকর্ড তুলে ধরে ভোটারদের টানার চেষ্টা করছে।
জনমত জরিপের ফলাফল ঠিক হলে, বিজেপিই হবে একক সংখ্যাগরিষ্ঠ দল। কিন্তু সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন তারা সম্ভবত পাবে না। সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্রসহ কয়েকটি রাজ্যের প্রভাবশালী আঞ্চলিক দলগুলো। আসনের দিক দিয়ে বড় এই রাজ্যগুলোতে আঞ্চলিক দলগুলো সাধারণত অনেক আসনে জয়ী হয়।
ব্যাপক কর্মযজ্ঞ: বিশাল আয়তন ও জনসংখ্যার ভারতে সাধারণ নির্বাচন মানে এক বিশাল কর্মযজ্ঞ। দেশটির জনসংখ্যা এখন প্রায় ১২৭ কোটি। এর মধ্যে ভোটার ৮১ কোটি ৪৫ লাখ। এই বিপুলসংখ্যক ভোটারের ভোট নেওয়াকে কেন্দ্র করে আগে-পরের বিভিন্ন কর্মসূচি, প্রচারণার সভা-সমাবেশ-মিছিল, প্রশাসনিক ও নিরাপত্তা তৎপরতা—সব মিলিয়ে ব্যাপক এক আয়োজন হয় দেশটিতে। নির্বাচনী এই আয়োজন পরিণত হয় জাতীয় উৎসবে।
উৎসবের ব্যাপ্তি এবার আরও বেড়ে যাচ্ছে। কারণ, শুরু থেকে শেষ পর্যন্ত নয় দফায় ৩৭ দিনজুড়ে ঘুরে-ফিরে ভোটের আয়োজন চলবে। এত দীর্ঘ সময় ধরে ভারতে এর আগে ভোট হয়নি। এবার ভোটকেন্দ্রের সংখ্যা নয় লাখ ৩০ হাজার। ৫০০টির বেশি রাজনৈতিক দলের প্রায় ১৫ হাজার প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ভারতের নির্বাচনী আয়োজনের ব্যাপকতা বোঝাতে দেশটির কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী থারুর কদিন আগে লিখেছেন, ‘ভারতে নির্বাচনী পোস্টার, ভোটার তালিকা আর ব্যালট পেপারের জন্য যথেষ্ট পরিমাণ কাগজ তৈরিতে ভালো আকারের একটি বনের সমপরিমাণ গাছ লাগে।’
তবে ব্যালট পেপারের জন্য কাগজের ব্যবহার সাম্প্রতিক সময়ে বেশ কমিয়ে আনতে পেরেছে দেশটির নির্বাচন কমিশন। বর্তমানে ভারতের ভোটারদের বেশ বড় একটি অংশের মতামত নেওয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সে দেশে ২০০৪ সালের নির্বাচনে এই মেশিন প্রথম ব্যবহার করা হয়। এবার প্রায় নয় লাখ ৩০ হাজার ভোটিং মেশিন ব্যবহার করা হবে।
আজকের ভোট: প্রথম পর্বে আজ ভোট হচ্ছে লোকসভার মাত্র ছয়টি আসনে। আসামের মোট ১৪ আসনের মধ্যে পাঁচটি এবং ত্রিপুরার দুটি আসনের মধ্যে একটিতে আজ ভোট হবে।
আসামের রাজ্য ক্ষমতা বর্তমানে কেন্দ্রের ক্ষমতাসীন দল কংগ্রেসের দখলে। রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সেখানকার তেজপুর, কোলিয়াবোর, জোড়হাট, ডিব্রুগড় ও লাখিমপুর আসনে ভোট হবে আজ। কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি (বিজেপি), তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি (এএপি), অসম গণপরিষদ (এজিপি), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী) বা সিপিআই (এম), অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ) এবং সমাজবাদী পার্টিসহ (এসপি) আরও কয়েকটি দলের মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কংগ্রেসের প্রার্থীরা হলেন কেন্দ্রীয় সরকারের বর্তমান আদিবাসীবিষয়ক প্রতিমন্ত্রী রানি নারাহ, কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমান এমএলএ বিজয় কৃষ্ণ হান্ডিক, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে সৌরভ গগৈ ও ভূপেন কুমার বোরা।
আর বিজেপির প্রার্থীদের মধ্যে আছেন দলের রাজ্য কমিটির সভাপতি সর্বানন্দ সনোওয়াল ও কামাখ্যা প্রসাদ তাসা। অসম গণপরিষদ থেকে নির্বাচন করছেন অরুণ কুমার শর্মা, প্রদীপ হাজারিকা ও যোসেফ টপ্পো।
আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার কমান্ডার হীরা সারানিয়া ওরফে নব কুমার সারানিয়াও নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
আসামের পাঁচটি আসনে ভোট হবে আট হাজার ৫৮৮টি কেন্দ্রে। সব কটি কেন্দ্রই ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। উত্তর-পূর্ব ভারতে এই প্রথমবারের মতো ভোটকেন্দ্র ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।
আসামে পরের দফায় ১২ এপ্রিল ভোট নেওয়া হবে তিনটি আসনে।
ত্রিপুরা রাজ্যে লোকসভার আসন মাত্র দুটি। এর একটি পশ্চিম ত্রিপুরা আসনে আজ ভোট। এখানে মোট প্রার্থী ১৩ জন। এই রাজ্যের অন্য আসনটিতে ভোট হবে ১২ এপ্রিল।