বিদায় ২০২০
গণতান্ত্রিক ব্যবস্থার গৌরবে কালি মাখালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার নজিবিহীন নির্বাচন দেখেছে বিশ্ব। এই নির্বাচনে মার্কিন গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা ও রাজনৈতিক শিষ্টাচারের গৌরবে কালি লেগেছে। আর এই কাজটি করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের একরোখা মনোভাব
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন প্রেসিডেন্ট নির্বাচন এর আগে দেখা যায়নি। সাধারণত নির্বাচনে ভোটের ফল নিশ্চিত হওয়ার পরপরই এ সম্পর্কিত যাবতীয় হিসাব চুকে যায়। কিন্তু এবার ভোটের ফল নিশ্চিত হতে যেমন সময় লেগেছে, তেমনি ক্ষমতা হস্তান্তর নিয়ে অনিশ্চয়তাও দীর্ঘস্থায়ী হয়েছে। বলা যায়, তা এখনো চলমান। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক চর্চা ও নির্বাচনের ইতিহাসে এটা নজিরবিহীন।
করোনাভাইরাস মহামারির বাস্তবতায় স্বাভাবিকভাবেই এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সংশয় ছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট পড়ে। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোট পান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। পপুলার ভোটে হেরে যান ট্রাম্প। শুধু এটুকু দিয়েই এবারের নির্বাচন উল্লেখযোগ্য হয়ে থাকতে পারত। কিন্তু মার্কিন গণতান্ত্রিক চর্চার গৌরবময় ইতিহাসে কালি মাখানোর জন্য যেন সব প্রস্তুতি নিয়েই রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
ইলেকটোরাল কলেজের স্লেটটি বদলে দেওয়ার কৌশলও ব্যর্থ ট্রাম্পের। ইলেকটোরাল কলেজে অনুমিতভাবেই ৩০৬ ভোট পেয়ে বিজয়ী হলেন জো বাইডেন। এবার ট্রাম্প চাইছেন, আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠেয় ইলেকটোরাল ভোট প্রত্যয়নের সময় কংগ্রেসে রিপাবলিকানরা যেন আপত্তি জানান।
আলাস্কাসহ বেশ কিছু অঙ্গরাজ্যে ভোট গ্রহণ চলাকালেই প্রেসিডেন্ট ট্রাম্প বলতে শুরু করেন, ডেমোক্র্যাটরা বড় ধরনের ভোট জালিয়াতি করেছে। অবশ্য প্রায় সব জনমত জরিপে জো বাইডেনের এগিয়ে থাকার প্রেক্ষাপটে ট্রাম্প এই জালিয়াতি ও ষড়যন্ত্র তত্ত্ব আওড়াতে শুরু করেছিলেন আগেই। ডাকযোগে ভোটকে ‘জালিয়াতির পাঁয়তারা’ আখ্যা দিয়ে তা বন্ধের নানা চেষ্টাও করেন। আর বাইডেন যখন বিভিন্ন অঙ্গরাজ্যে এগিয়ে যেতে থাকেন, তখন থেকেই তিনি ‘এই নির্বাচন মানি না’ ধরনের কথা বলতে শুরু করেন, যা এখনো অব্যাহত।
মার্কিন নির্বাচনে পপুলার ভোটের হিসাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। হয় ইলেকটোরাল কলেজের হিসাবে। মোট ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০ বা তার বেশি ভোট যিনি পান, তিনিই হন বিজয়ী। এই ইলেকটোরাল ভোট গ্রহণ, এর গণনা ও প্রত্যয়ন হতে বেশ সময় লাগলেও ভোট গ্রহণের দিনই একধরনের আঁচ পাওয়া যায়। কিন্তু এবার এই দিনটিই যেন আসছিল না। ৩ নভেম্বরের নির্বাচনের ফল মোটামুটি নিশ্চিত হতে ৭ নভেম্বর পর্যন্ত লেগে যায়। কিন্তু এটা ছিল নাটকের প্রথম অঙ্ক কেবল।
নির্বাচনের ফল ঘোষণার আগে থেকেই শুরু হয় ভোট পুনর্গণনা, ভোট জালিয়াতি ইত্যাদি নানা অভিধায় আবেদন-নিবেদন ও মামলার খেলা। চূড়ান্ত ফল ঘোষণার আগেই ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোর মধ্যে অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, পেনসিলভানিয়া ও উইসকনসিনে মামলা করেন ট্রাম্প। নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয় ৩০টির বেশি। কিন্তু এর কোনোটিই ট্রাম্পের পক্ষে যায়নি। সুপ্রিম কোর্টসহ কিছু মামলার রায় এখনো অপেক্ষমাণ।
মামলার পথে বিফল হয়ে ট্রাম্প বাঁকা পথে হাঁটলেন। আইনসভায় রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা রয়েছে—এমন সুইং স্টেটগুলোর রিপাবলিকান নেতাদের নির্বাচনের ফল প্রত্যয়ন না করতে চাপ দিলেন এবং ব্যর্থ হলেন। এরপর ট্রাম্প বললেন, তাহলে বিজয়ী ইলেকটোরাল কলেজের স্লেটটি বদলে দেওয়া হোক। ১৪ ডিসেম্বর দেখা গেল, ট্রাম্পের এই কৌশলও ব্যর্থ। ইলেকটোরাল কলেজে অনুমিতভাবেই ৩০৬ ভোট পেয়ে বিজয়ী হলেন জো বাইডেন। এবার ট্রাম্প চাইছেন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠেয় ইলেকটোরাল ভোট প্রত্যয়নের সময় কংগ্রেসে রিপাবলিকানরা যেন আপত্তি জানান। এ তো গেল বিদ্যমান আইনি রাস্তার চোরাগলিতে ট্রাম্পের ঘোরাঘুরির গল্প। বাকি থাকল সামরিক শাসন জারি করে নতুন নির্বাচন দেওয়ার সম্ভাব্যতা যাচাই। ঘনিষ্ঠদের নিয়ে সেই বৈঠকও করেছেন ট্রাম্প।
বিদ্যমান সব আইনি রাস্তায় ব্যর্থ হয়ে ট্রাম্প সামরিক শাসন জারি করে নতুন নির্বাচন দেওয়ার সম্ভাব্যতা যাচাই করতে ঘনিষ্ঠদের বৈঠকও করেছেন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো নির্বাচন নিয়ে এত এত ঘটনা ঘটেনি আগে। প্রার্থীরা পরাজয় নিশ্চিত হওয়ার পর হাসিমুখে বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু ট্রাম্প এসব কিছুই মানছেন না। এর ফলও দেখেছে মানুষ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে নির্বাচন নিয়ে এই প্রথম সহিংসতা দেখল মার্কিনরা। আর ট্রাম্পের এমন একরোখা মনোভাব মার্কিন গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা ও রাজনৈতিক শিষ্টাচারের গৌরবে কালি মাখিয়েছে—যা আগে কল্পনাও করা যেত না।
সূত্র: সিএনএন, ওয়াশিংটন পোস্ট, বিজনেস ইনসাইডার ও নিউইয়র্ক টাইমস