গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের জলকামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কিশোরীকে গণধর্ষণ ও হত্যার পরে গাছে ঝুলিয়ে রাখার ঘটনার প্রতিবাদে ভারতের উত্তর প্রদেশের লক্ষেৗ শহরে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন নারীরা। এ সময় পুলিশ তাঁদের ওপর জলকামান ছুড়েছে।

এএফপিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে শতাধিক বিক্ষোভকারী ওই এলাকায় বিক্ষোভ করেন।

এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা ঘুমিয়ে নেই, আমরা জেগে আছি। নারীর প্রতি সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে।’

বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার সময় ভিড় থেকে মধ্যবয়স্ক এক ব্যক্তি পুলিশের উদ্দেশে বলেন, ‘আমরা এখানে থাকতে এসেছি, এখান থেকে চলে যেতে আসিনি।’

বাদাউন শহরের কারতা গ্রামে গত বুধবার সকালে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দুই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। পরীক্ষার পর দেখা গেছে, তাদের ওপর কয়েকবার যৌন নির্যাতন চালানো হয়েছে।

বাড়িতে শৌচাগার না থাকায় গত মঙ্গলবার রাতে ওই দুই কিশোরী খোলা মাঠে নিজেদের প্রয়োজন মেটাতে যায়। এ সময় তাদের সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বাদাউন গ্রামের বেশির ভাগ বাড়িতেই শৌচাগার নেই।

একের পর এক ধর্ষণের ঘটনায় ভারতে বিক্ষোভ বাড়ছে। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে এ ব্যাপারে প্রশ্ন করেন এক নারী প্রতিবেদক।

এ সময় অখিলেশ যাদব তাঁকে বলেন, ‘আপনার তো কোনো ক্ষতি হয়নি, হয়েছে? না তো? তাহলে ঠিক আছে। ধন্যবাদ।’ এর পরে তিনি সমালোচনার মুখে পড়েন।

গত সপ্তাহে এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার দিন পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।