গণধর্ষণের শিকার ছাত্রী চিকিৎসার জন্য সিঙ্গাপুরে
ভারতের দিল্লিতে গণধর্ষণের শিকার মেডিকেলের ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে। তাঁকে বিদেশে নেওয়ার খবরে গতকাল আবার নতুন করে ভারতে বিক্ষোভ শুরু হয়েছে।মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মুখপাত্র বলেন, ‘খুবই গুরুতর অবস্থায় আজ সকালে (বৃহস্পতিবার) ওই রোগীকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে আনা হয়েছে। তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমরা ভারতীয় হাইকমিশনারের সঙ্গে যোগাযোগ করছি। তাঁদের কাছে রোগী ও তাঁর পরিবারের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অনুরোধ জানিয়েছি।’সিঙ্গাপুরে ভারতীয় হাইকমিশন জানায়, গতকাল স্থানীয় সময় ভোর সাড়ে সাতটার দিকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওই ছাত্রীকে সিঙ্গাপুরে আনা হয়। ওই ছাত্রীর সঙ্গে তাঁর মা-বাবা ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল রয়েছে। ওই চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন নয়াদিল্লির সফদারজং হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান পি কে ভর্ম।নাম না প্রকাশের শর্তে ভারতের একজন কেন্দ্রীয় মন্ত্রী জানান, ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। এটিই এখন সরকারের কাছে মুখ্য। সফদারজং হাসপাতালের একজন চিকিৎসক বলেন, ‘এক সপ্তাহ ধরে এখানে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক। এখন তাঁকে বাঁচিয়ে রাখাটাই কঠিন।’গত বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ওই ছাত্রীর অবস্থা নিয়ে আলোচনা হয়। বৈঠকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে উত্তরখণ্ডের চলন্ত বাসে ২৩ বছর বয়সী ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর দুর্বৃত্তরা ওই ছাত্রী ও তাঁর ছেলেবন্ধুকে রড দিয়ে পিটিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়। ভারত সরকার গতকাল এক বিবৃতিতে জানায়, ওই ছাত্রীর চিকিৎসায় অনেক দিন লেগে যেতে পারে। সরকার তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে বলেন, ছাত্রীর চিকিৎসায় যত দিন লাগবে, তত দিন তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করা হয়েছে।নতুন করে বিক্ষোভওই ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় বিদেশে পাঠানোর খবর ছড়িয়ে পড়ার পর গতকাল নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে বিক্ষুব্ধ জনতা। নয়াদিল্লিতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ইন্ডিয়া গেটের দিকে যাওয়ার চেষ্টা করে। বিক্ষোভ ঠেকাতে ইন্ডিয়া গেটে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বিক্ষোভকারীদের ইন্ডিয়া গেটের পরিবর্তে যন্তর মন্তরে বিক্ষোভ করার অনুরোধ জানিয়েছে। বিজয় চক ও রাজপথ এলাকায়ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের প্রস্তুতি চলছে। কাশ্মীরের শ্রীনগরেও বিক্ষোভ হয়েছে। মনমোহনের আহ্বানপ্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল জাতীয় উন্নয়ন পরিষদের এক সভায় মুখ্যমন্ত্রীদের উদ্দেশে বলেন, নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। তাঁদের নিরাপত্তার ক্ষেত্রে ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জি নিউজ ও টাইমস অব ইন্ডিয়া।