নিশ্চিত জয়ের পথে এএনসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনের পর ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে৷ নির্বাচন কমিশন গতকাল বৃহস্পতিবার জানায়, এ পর্যন্ত ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) প্রায় ৬৩ শতাংশ ভোট পেয়েছে৷ এতে দলটির টানা পঞ্চম দফায় সরকার গঠনের বিষয়টি প্রায় নিশ্চিত৷
নির্বাচন কমিশন আরও জানায়, এএনসির প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক অ্যালায়েন্স পেয়েছে প্রায় ২২ শতাংশ ভোট৷ আর কট্টর বামপন্থী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ) পেয়েছে মাত্র ৫ শতাংশ ভোট৷ কমিশন জানিয়েছে, েদশের অধিকাংশ স্থানেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে এবং ভোটার উপস্থিতি ছিল প্রায় ৭২ শতাংশ৷
প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে নিয়ে বিভিন্ন অভিযোগ ও কেলেঙ্কারির কারণে এএনসি এবার তুলনামূলক কম ভোট পেয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ দলটি গত নির্বাচনে ৬৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিল৷ আর বিরোধী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের ভোট বেড়েছে৷ বর্ণবাদ যুগের অবসানের দুই দশক পর বুধবার অনুষ্ঠিত নির্বাচনে সব বর্ণের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলেও বিক্ষিপ্ত সহিংসতা হয়েছে৷ দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের নন্দিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুর পর দেশটিতে এটিই ছিল প্রথম সাধারণ নির্বাচন৷ বিবিসি, রয়টার্স ও এএফপি৷