গণবিক্ষোভের মুখে ব্রাজিলে সংস্কারের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ দেশব্যাপী চলা ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের অবসান ঘটাতে বেশ কিছু সংস্কারের ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার রাতে টেলিভিশন ও বেতারে প্রচারিত ভাষণে তিনি এই ঘোষণা দেন। 

ভাষণে দিলমা রুসেফ বলেন, গণপরিবহনের সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পরিকল্পনা তৈরি করা হবে। জ্বালানি তেল বিক্রি থেকে অর্জিত মুনাফা শিক্ষা খাতে ব্যয় করা হবে। স্বাস্থ্যসেবা খাতকে উন্নত করতে বিদেশ থেকে আনা হবে চিকিৎসক। আন্দোলনের নেতাদের প্রতিনিধিদের সঙ্গে শিগগিরই আলোচনায় বসারও আশ্বাস দেন তিনি।

গণপরিবহনের ক্রমবর্ধমান ভাড়া এবং ২০১৪ সালের বিশ্বকাপ আয়োজনের বিপুল ব্যয় ও কথিত দুর্নীতি নিয়ে দেশটিতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার দেশজুড়ে বেশ কয়েকটি শহরে প্রায় ১২ লাখ লোক বিক্ষোভ করেন।

প্রেসিডেন্ট রুসেফ স্বীকার করেন, সরকারের আরও অনেক ভালো করার সুযোগ রয়েছে। তিনি দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন। সরকারবিরোধী বিক্ষোভ সম্পর্কে তিনি বলেন, জনগণের সরকারের সমালোচনা করার অধিকার আছে। তবে আন্দোলনের নামে সহিংসতার সমালোচনা করেন তিনি।

গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে এক সপ্তাহ আগে ব্রাজিলের সাও পাওলো শহরে এ বিক্ষোভ শুরু হয়। এএফপি ও বিবিসি।