গণবিয়ে বদলে দেবে ইতিহাস
গুজরাট রাজ্যের পালানপুর শহরসংলগ্ন ওয়াদিয়া গ্রামে গণবিয়ের প্রস্তুতি নিচ্ছেন তরুণীরা। স্বাধীন ভারতের ৬৫ বছরের ইতিহাসে ওয়াদিয়ায় এ ধরনের আয়োজন এর আগে কখনো হয়নি। বিয়ের মালাবদলের মাধ্যমে বদলে যাবে ছোট্ট গ্রামটির ইতিহাস। বাধ্যতামূলক পতিতাবৃত্তি থেকে রেহাই পাবে গ্রামের কিশোরীরা।পতিতাপল্লি হিসেবে পরিচিতি রয়েছে গুজরাটের ওয়াদিয়া গ্রামের। ওয়াদিয়ার ১৫ তরুণী আগামী ১১ মার্চ গণবিয়ে অনুষ্ঠানে লাল শাড়ি পরে কনে সাজবেন। ইতিমধ্যে বিয়ের নিমন্ত্রণপর্বও শেষ করা হয়েছে। প্রায় দেড় হাজার অতিথি অনুষ্ঠানে আসতে পারেন বলে আশা করা হচ্ছে। এই আয়োজন নিয়ে গ্রামজুড়ে উৎসবের আমেজ টের পাওয়া যাচ্ছে।গণবিয়ের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কারণ, পিতৃপরিচয় অজানা ওয়াদিয়ার মেয়েদের ঘরের বউ করতে স্থানীয় অধিকাংশ পরিবারের আগ্রহ নেই। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এই গণবিয়ের আয়োজন করছে।তবে এতে বাদ সাধতে চাইছে দালাল চক্র। তারা আয়োজক সংগঠন ভিচার্তি জাতি সমুদয় সমর্থন মঞ্চের সদস্যদের হুমকি দিচ্ছে। কিশোরীরা বিয়ে করে স্বাভাবিক জীবনের পথে পা বাড়ানোয় নিজেদের ব্যবসার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত দালাল চক্র। এই চক্রের হুমকির পরিপ্রেক্ষিতে স্থানীয় থারাড থানায় অভিযোগ করেছেন স্থানীয় তরুণীদের অভিভাবক ও ভিচার্তি জাতি সমুদয় সমর্থন মঞ্চের নেত্রী শারদা ভাটি। স্থানীয় সারানিয়া সম্প্রদায়ের অনেকে যৌনকর্মী হিসেবে কাজ করে। বিয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে সারানিয়া সম্প্রদায়ের তরুণ-তরুণীদের বুঝিয়েছেন গণবিয়ের আয়োজকেরা। ওয়াদিয়ার বর্তমান জনসংখ্যা ৭৫০। ধারণা করা হয়, ভারতের স্বাধীনতার আগে থেকেই গ্রামটিতে পতিতাবৃত্তির প্রচলন ছিল। স্থানীয় পুরুষেরা জীবনধারণের জন্য নারীদের উপার্জনের ওপর নির্ভর করে। টাইমস অব ইন্ডিয়া।