গণবিয়ের ঘটনায় পাকিস্তানের সুপ্রিম কোর্টের সুয়োমোটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ডেরা বুগতি জেলায় ১৩টি মেয়ের বিয়ের মধ্য দিয়ে দুটি গোষ্ঠীর বিবাদ মেটানোর ঘটনায় গতকাল মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট একটি সুয়োমোটো (আদালতের স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত) নোটিশ গ্রহণ করেছেন। ইতিপূর্বে প্রাদেশিক জিরগার (প্রবীণ পরিষদ) সিদ্ধান্ত অনুযায়ী ওই পদ্ধতিতে গোষ্ঠী দুটির দ্বন্দ্ব মেটানো হয়।পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট নোটিশটি গ্রহণ করে বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য মির তারিক মাসুরি ও ‘ওয়ানি’ বলে ঘোষিত ওই ১৩ মেয়েকে আজ বুধবার আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন। অভিযোগ রয়েছে, তারিক মাসুরির সভাপতিত্বে ওই জিরগায় ১৩ জন মেয়েকে বিয়ে দেওয়া হয়। অবশ্য তারিক মাসুরি দাবি করেছেন, তিনি ওই জিরগায় উপস্থিত ছিলেন না।‘ওয়ানি’ বেলুচিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও সিন্ধু প্রদেশের কয়েকটি স্থানে প্রচলিত কয়েক শ বছরের পুরোনো একটি প্রথা। এই প্রথায় সমঝোতার মাধ্যমে কোনো অপরাধ কর্মকাণ্ডের দায় এড়াতে অপরাধী পক্ষের মেয়েকে ক্ষতিগ্রস্ত পক্ষের ছেলের সঙ্গে বিবাহ দেওয়া হয়। এ প্রথা স্থানবিশেষে বিভিন্ন নামে পরিচিত।তবে গত বছর দেশটিতে পাস হওয়া ‘দ্য প্রিভেনশন অব অ্যান্টি উইমেন প্রাকটিসেস অ্যাক্ট’-এর আওতায় এ ধরনের প্রথা শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়।ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তান অ্যাসেম্বলির সদস্য মির তারিক মাসুরির সভাপতিত্বে গত মাসে জিরগার একটি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ডেরা বুগতির বকর এলাকার দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর দ্বন্দ্ব ওই বিশেষ পন্থায় মিটিয়ে দেওয়া হয়। ডন।