ইইউ ছাড়ার পক্ষে যুক্তরাজ্যের মানুষ

ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে রায় দিয়েছে যুক্তরাজ্য। ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। আর ইইউতে থাকার পক্ষে ভোট পড়েছে ৪৮ দশমিক ১ শতাংশ।
গতকাল বৃহস্পতিবারের গণভোটের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
ইউকেআইপির নেতা নাইজেল ফারাজ গণভোটের ফলাফলে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আজ যুক্তরাজ্যের স্বাধীনতা দিবস। তবে ইইউতে থাকার পক্ষের প্রচারকেরা এটিকে ‘বিপর্যয়’ হিসেবে চিহ্নিত করেছেন।

গণভোটের এই ফলের প্রভাব এর মধ্যেই বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ডলারের বিপরীতে পাউন্ডের সর্বনিম্ন পতন ঘটেছে।
গণভোটে ভোট পড়েছে ৭১ দশমিক ৮ শতাংশ। তিন কোটিরও বেশি ভোট পড়েছে। দেশটির ওয়েলস এবং ইংল্যান্ডের বড় অংশ ইইউ ছাড়ার পক্ষে ভোট দিয়েছে।
যুক্তরাজ্যকে ৩৮২টি এলাকায় ভাগ করে ফলাফল গণনা করা হয়। প্রধান ভোট গণনা কর্মকর্তা জেনি ওয়াটসন বলেন, ম্যানচেস্টার টাউন হলে ফলাফল ঘোষণা করা হবে।
যুক্তরাজ্যের ইতিহাসের তৃতীয় এই গণভোটে সব মিলিয়ে মোট ভোটার প্রায় ৪ কোটি ৬৫ লাখ। এই গণভোটে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের পাশাপাশি স্পেন উপকূলের অদূরের ব্রিটিশ-শাসিত ক্ষুদ্র ভূখণ্ড জিব্রাল্টারের অধিবাসীরাও তাঁদের রায় দিয়েছেন।

আরও পড়ুন...