গণভোট অভিবাসনবিরোধীদের বৈধতা দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নে থাকা না-থাকা নিয়ে গণভোট এবং এর ফলাফল যুক্তরাজ্যের অভিবাসনপ্রত্যাশী-বিরোধী কট্টর ডানপন্থীদের চাওয়াকে বৈধতা দিয়েছে। যুক্তরাজ্য অভিবাসনপ্রত্যাশীদের কতটুকু গ্রহণ করবে, তাদের সঙ্গে কেমন আচরণ করবে—এ প্রশ্নকে সামনে রেখেই আসলে গণভোট হয়েছে।

লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সমাজনীতি (সোশ্যাল পলিসি) বিভাগের শিক্ষক শামসুল আলম এমন মন্তব্য করেছেন।

শিক্ষাবিদ শামসুল আলম বলেন, গণভোটের ফলে যুক্তরাজ্যের ভবিষ্যৎ অভিবাসননীতি ধনী বা সমাজের এলিটদের পক্ষে যাবে। সাধারণ মানুষের চাওয়াকে গুরুত্ব দেবে না। তাঁর মতে, যুক্তরাজ্যে বর্ণবাদ বা অভিবাসীদের প্রতি বিরূপ মনোভাব আগেও ছিল। এবার কট্টর অভিবাসনবিরোধীরা বৈধতা পাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

মানুষের অর্থনৈতিক নিরাপত্তা থাকলে গণভোটের ফলাফল এমন হতো না বলে মন্তব্য করেন শামসুল আলম। তিনি বলেন, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্বলতাকে ঢেকে রাখার জন্য অভিবাসীদের ওপর দায় চাপানো হয়েছে। এর দায় ইউরোপীয় ইউনিয়নকেও নিতে হবে। তারা প্রতিষ্ঠাকালীন কল্যাণনীতি থেকে সরে এসে ‘নিও-লিবারালিজম’ নীতি গ্রহণ করেছে। এতে সাধারণ জনগণের স্বার্থরক্ষা হচ্ছে না।

শিক্ষক শামসুল মনে করেন, অভিবাসীদের প্রতি অসহিষ্ণুতার কারণে যুক্তরাজ্যের ইইউ ছাড়ার ঘটনা ইইউভুক্ত অন্যান্য দেশের উগ্রবাদীদের উৎসাহ জোগাবে। এতে ইইউর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে। তিনি বলেন, গণভোটের ফলাফল যেদিকেই যেত রক্ষণশীলদের (ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি) জয় হতো। কারণ, অভিবাসন নিয়ে বিরোধিতার জেরে বিভক্ত হয়ে পড়া ক্ষমতাসীনরাই মূলত ইইউতে থাকা কিংবা না থাকা দুই পক্ষেই নেতৃত্ব দিয়েছে।

এই শিক্ষাবিদের মতে, যাঁরা ইইউতে থাকার পক্ষে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের চাওয়া এক ছিল না। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চেয়েছেন ইইউর বর্তমান নীতি টিকে থাকুক। আর বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন ইইউকে সংশোধন করার জন্য থাকতে চেয়েছেন। ইউরোপ থেকে শুরু হওয়া দুটি বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকে নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা ইইউর অন্যতম উদ্দেশ্য ছিল। এই গণভোটের ফলাফল সেই উদ্দেশ্যের প্রতিও অসম্মানজনক। ইইউ ছাড়া যুক্তরাজ্যের শিক্ষা, বিজ্ঞান, গবেষণায় নেতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতে ইইউর সঙ্গে কোনো না কোনো সহযোগিতামূলক সম্পর্ক থাকলেও সেটা বাণিজ্যিক হবে।