গণভোট কট্টর দক্ষিণপন্থীদের চাওয়াকে বৈধতা দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইইউ প্রশ্নে গণভোট এবং এর ফলাফল যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী কট্টর দক্ষিণপন্থীদের চাওয়াকে বৈধতা দিয়েছে বলে মন্তব্য করেছেন লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটির সমাজনীতি (সোশ্যাল পলিসি) বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক শামসুল আলম। তিনি বলেন, ‘যদি বলা হয়, এই গণভোট ইইউতে থাকা না-থাকা বিষয়ে ছিল, তাহলে সেটা ভুল হবে। এটি ছিল মূলত যুক্তরাজ্য অভিবাসীদের কতটুকু গ্রহণ করবে, তাদের সঙ্গে কেমন আচরণ করবে, সেই প্রশ্নে।’

শামসুল আলম বলেন, এর ফলে যুক্তরাজ্যের ভবিষ্যৎ অভিবাসননীতি ধনী কিংবা সমাজের এলিটদের পক্ষে যাবে। সাধারণ মানুষের চাওয়াকে গুরুত্ব দেবে না। তাঁর মতে, বর্ণবাদ কিংবা অভিবাসীদের প্রতি বিরূপ মনোভাব যুক্তরাজ্যে আগেও ছিল। কিন্তু কট্টর অভিবাসনবিরোধীরা বৈধতা পাওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

মানুষের অর্থনৈতিক নিরাপত্তা থাকলে ফলাফল এমন হতো না উল্লেখ করে শামসুল আলম বলেন, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্বলতাকে ঢেকে রাখার জন্য অভিবাসীদের ওপর দায় চাপানো হয়েছে। তিনি বলেন, এর দায় ইউরোপীয় ইউনিয়নকেও নিতে হবে। কেননা তারা প্রতিষ্ঠাকালীন কল্যাণনীতি থেকে সরে এসে ‘নিউ লিবারালিজম’ নীতি গ্রহণ করেছে। যার ফলে সাধারণ জনগণের স্বার্থ রক্ষিত হচ্ছে না। অভিবাসীদের প্রতি অসহিষ্ণুতার কারণে যুক্তরাজ্যের ইইউ ত্যাগ করার ঘটনা ইইউ ভুক্ত অন্যান্য দেশের উগ্রবাদীদের উৎসাহ জোগাবে মন্তব্য করে শামসুল আলম বলেন, এর ফলে ইইউর ভবিষ্যৎও ঝুঁকিতে পড়তে পারে।

লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটির ওই জ্যেষ্ঠ প্রভাষক বলেন, ফলাফল যেদিকেই যেত, রক্ষণশীলদের (ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি) জয় হতো। কেননা অভিবাসনবিরোধিতার জেরে বিভক্ত হয়ে পড়া ক্ষমতাসীনেরাই মূলত ইইউতে থাকা কিংবা না-থাকা উভয় পক্ষে নেতৃত্ব দিয়েছে। তাঁর মতে, যাঁরা ইইউতে থাকার পক্ষে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের চাওয়া এক ছিল না। প্রধানমন্ত্রী ক্যামেরন চেয়েছেন, ইইউর বর্তমান নীতি টিকে থাকুক। আর বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন চেয়েছেন, ইইউকে সংশোধন করার জন্য ইইউতে থাকতে। তিনি কল্যাণমূলক পথে ফিরিয়ে আনার লক্ষ্যে ইইউতে থাকতে বলেছেন।

শামসুল আলম আরও বলেন, ইউরোপ থেকে শুরু হওয়া দুটি বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকে নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার ব্যাপারটিও ইইউর অন্যতম উদ্দেশ্য ছিল। এই গণভোটের ফলাফল সেই উদ্দেশ্যের প্রতিও অসম্মানজনক বলে মন্তব্য করেন তিনি। শিক্ষা, বিজ্ঞান, গবেষণায় নেতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে সমাজনীতির এই শিক্ষক বলেন, ইইউর সঙ্গে হয়তো কোনো না কোনো সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতেও থাকবে, কিন্তু সেটা হবে বাণিজ্যিক।