নতুন খসড়া সংবিধানের ওপর গণভোট নিয়ে মিসর কার্যত বিভক্ত হয়ে পড়েছে। তিক্ত রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে কাল শনিবার গণভোটের জন্য সরকারের প্রস্তুতি সম্পন্ন। তবে সরকারবিরোধীরা এই গণভোটে ‘না’ ভোট দেওয়ার জন্য তাঁদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। উদারপন্থী, ধর্মনিরপক্ষে ও সরকারবিরোধী অন্যান্য গোষ্ঠীর আশঙ্কা, ওই গণভোটে খসড়া সংবিধানটি উতরে গেলে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও তাঁর ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুড দেশে প্রচলিত আইন বাদ দিয়ে ইসলামি আইনের প্রয়োগ ঘটাবে।ইতিমধ্যে পার্লামেন্টে পাস হওয়া ওই খসড়ার ওপর অনুষ্ঠেয় গণভোট বাতিলের দাবিতে এবং দুই সপ্তাহ আগে নিজ ক্ষমতা বাড়িয়ে প্রেসিডেন্ট মুরসির জারি করা ডিক্রির প্রতিবাদে বিরোধীরা বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু এ বিক্ষোভ মুরসিকে গণভোট অনুষ্ঠানের পথ থেকে সরিয়ে আনতে ব্যর্থ হয়েছে।গত বছর প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর ১৬ মাস দেশ শাসনকারী শক্তিশালী সেনাবাহিনী বর্তমান রাজনৈতিক সংকট অবসানে সরকার-সমর্থক ও মুরসিবিরোধীদের সংলাপে বসানোর চেষ্টা চালায়। গত বুধবার এ সংলাপ অনুষ্ঠানের কথা ছিল। রাজধানী কায়রোয় গত সপ্তাহে দুই পক্ষের সহিংসতায় আট ব্যক্তি নিহত ও ছয় শতাধিক লোক আহত হওয়ার ধারাবাহিকতায় গণভোট নিয়ে রক্তপাতের আশঙ্কা রয়েই গেছে। প্রেসিডেন্ট মুরসি গণভোট দুই দফায় অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী এটি আগামীকাল ও এর পরের শনিবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। দেশটির বিচারপতিদের অনেকেই এই ভোটের তদারকি করতে অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে দুই দিন ভোট গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়।বিরোধী দলগুলোর জোট ন্যাশনাল সালভেশন ফ্রন্ট বুধবার বলেছে, তারা তাদের সমর্থকদের ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা বলেছে, ভোটাভুটি কেবল এক দিন অনুষ্ঠানের পরিকল্পনায় ফিরিয়ে আনা না হলে এবং বিচারপতি ও নিরপেক্ষ পর্যবেক্ষকেরা প্রতিটি কেন্দ্রে তদারকির দায়িত্ব পালন না করলে শেষ মুহূর্তে গণভোট বর্জনের ডাক দেওয়া হতে পারে।বিরোধী জোটের নেতা ও জাতিসংঘ পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান মোহাম্মদ এল বারাদি এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লিখেছেন, ‘অত্যন্ত উত্তেজনাকর, প্রতিকূল, বিশৃঙ্খল ও অরাজক পরিস্থিতির মধ্যে জবরদস্তিমূলক এই গণভোট আয়োজনে দেশ চূড়ান্ত সংঘাতের দিকে এগোচ্ছে।’গণভোটের ফলাফল অনিশ্চিত হলেও অনেক বিশ্লেষকই মনে করেন, এই ভোটে খসড়া সংবিধান পাস হবে। আর এর মধ্য দিয়ে মিসরীয় সমাজের এক বিরাট দরিদ্র জনগোষ্ঠীকে মুসলিম ব্রাদারহুডের নিয়ন্ত্রণ করার দক্ষতারও প্রমাণ মিলবে।কর্মকর্তারা জানান, প্রথম দফায় আগামীকাল দেশের বৃহৎ দুটি নগর কায়রো ও আলেকজান্দ্রিয়াসহ ১০টি ‘গভর্নরেট’-এ গণভোট অনুষ্ঠিত হবে। ২২ ডিসেম্বর হবে গিজা, পোর্ট সৈয়দ, লুকসর ও অপর ১৪টি স্থানে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা (এমইএনএ) বলেছে, প্রবাসী মিসরীয়রা এরই মধ্যে দেশের বাইরে মিসরের বিভিন্ন দূতাবাস ও উপদূতাবাসে আগাম ভোট দেওয়া শুরু করেছেন। ১৫০টি দেশে পাঁচ লাখেরও বেশি মিসরীয় ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। এএফপি ও আল-জাজিরা।