গণভোট বিলে সম্মতি দিল ইসরায়েলি মন্ত্রিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের সঙ্গে কোনো ধরনের শান্তি চুক্তি করতে হলে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নিতে হবে—এমন প্রস্তাব-সংবলিত একটি বিল গতকাল রোববার অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের সরাসরি সম্মতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।বিবৃতিতে আরও বলা হয়, ‘আলোচনার মাধ্যমে কোনো ধরনের চুক্তির সিদ্ধান্ত হলে তা অবশ্যই গণভোটে তোলা হবে।’শান্তি আলোচনার প্রক্রিয়ায় ইসরায়েলের তরফ থেকে ছাড় দেওয়া হতে পারে—সরকারের ডানপন্থী সদস্যদের এমন উদ্বেগের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভায় গণভোটের ওই প্রস্তাব তোলা হয়।নেতানিয়াহুর সরকার পার্লামেন্টকে বিলটি জরুরি ভিত্তিতে পাস করানোর জন্য তাগিদ দিচ্ছে।শান্তি আলোচনায় ইসরায়েলের সম্ভাব্য ছাড়ের ব্যাপারে উদ্বিগ্ন ডানপন্থী নেতাদের আশ্বস্ত করার কৌশল হিসেবে দেখা হচ্ছে বিলটিকে।ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর তোলা প্রস্তাব নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে বন্দী মুক্তির ওই প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।নেতানিয়াহু গত শনিবার সন্ধ্যায় তাঁর কার্যালয়ের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আলোচনা শুরু এবং এতে অগ্রগতি হওয়ার পর ১০৪ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে আমি সম্মত হয়েছি।’বন্দী মুক্তির বিষয়টিতে সমর্থন আদায় প্রধানমন্ত্রীর জন্য তুলনামূলকভাবে বেশি কঠিন। এই বন্দীদের মধ্যে অনেক জঙ্গি হামলাকারী আছেন, যাঁদের আক্রমণে ইসরায়েলিদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। বন্দীদের মুক্তি দেওয়ার ওই প্রস্তাবের বিরোধিতা করে গতকাল জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। বিবিসি ও আল-জাজিরা।