গণভোটে সিরিয়ার নতুন সংবিধান অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার দাবি করেছে, গণভোটে শতকরা ৮৯ দশমিক চার ভাগ ভোটার নতুন সংবিধানের পক্ষে রায় দিয়েছেন।এদিকে সিরিয়ার মানবাধিকারকর্মীরা জানান, গণভোটের দিন সহিংসতায় ৫৯ ব্যক্তি নিহত হওয়ার পর গত সোমবার মানবাধিকারকর্মীরা আরও ১৪৪ জনের মৃত্যুর খবর দিয়েছে। নতুন সংবিধানের ওপর গত রোববার গণভোট অনুষ্ঠিত হয়। দেশটির বিদ্রোহী গোষ্ঠী ও পশ্চিমা দেশগুলো এ গণভোটকে প্রহসনমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। গণভোটের মাধ্যমে অনুমোদিত হওয়া সংবিধান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ২০২৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম করে দিতে পারে।অবশ্য সরকার বলেছে, নতুন সংবিধানে সিরিয়ার বহু দলের অংশগ্রহণে তিন মাসের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের কথা বলা হয়েছে। এর মাধ্যমে সিরিয়ায় বিগত পাঁচ দশক ধরে চলমান প্রেসিডেন্ট আসাদের বাথ পার্টির একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটতে পারে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আশি লাখেরও বেশি ভোটার সংশোধিত সংবিধানের পক্ষে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন। কর্মকর্তারা দাবি করেছেন, দেশের প্রায় ৬০ শতাংশ ভোটার এ গণভোটে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে দামেস্কের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে যাওয়া কূটনীতিকেরা বলেছেন, তাঁরা ভোটকেন্দ্রগুলোতে যৎসামান্যই ভোটারের উপস্থিতি লক্ষ করেছেন।এদিকে সিরিয়ার মানবাধিকারকর্মীরা গত সোমবার বলেছেন, দেশটির বিভিন্ন এলাকায় সংঘর্ষে নতুন করে আরও ১৪৪ ব্যক্তি নিহত হয়েছে। তবে এদের সবাই সোমবার নিহত হয়েছে, না গত কয়েক দিনে নিহত হয়েছে, তা জানানো হয়নি। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বাবে আমর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা ওই এলাকা থেকে পালানোর সময় সরকারি নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়ে। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।মানবাধিকারকর্মীরা জানান, সরকারি বাহিনীর অবরোধে থাকা হোমস শহরের রাম আল ইনজ ও গাজারিয়েহ এলাকা থেকে সোমবার কমপক্ষে ৬৪টি মৃতদেহ উদ্ধার করা হয়। বাবে আমর এলাকার বাসিন্দা আবু বকর বলেন, বিদ্রোহীদের ঘাঁটি বাবে আমর থেকে পালানোর সময় নিরাপত্তাকর্মীদের একটি তল্লাশিচৌকি থেকে তাদের অপহরণ করা হয়। পরে আসাদপন্থীদের নিয়ন্ত্রিত একটি এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। লোকাল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) ওই ৬৪ ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করার পাশাপাশি হোমসের অন্যান্য এলাকায় পৃথক ঘটনায় আরও ২৫ জনের মৃত্যুর খবর দিয়েছে। এ ছাড়া আলেপ্পো, ইদলিব, হামা, দামেস্ক, হাসাকি, আল-রাকা, দিরাসহ সিরিয়ার বিভিন্ন এলাকায় সহিংসতায় আরও ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে হোমসের বাবে আমর এলাকায় প্রবেশ করে আটকে পড়া তিন বেসামরিক নাগরিককে উদ্ধার করে আনতে সক্ষম হয়েছে সিরিয়ান রেডক্রস। এএফপি, রয়টার্স, এপি।